১৯ এপ্রিল ২০২১


নাগা মরিচে পোকা, দুশ্চিন্তায় কৃষকরা

শেয়ার করুন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় ১০০ হেক্টর জমিতে চাষ হয় নাগা মরিচ। যার বেশিরভাগই বিদেশে রপ্তানি হয়। এ বছরও উৎপাদন ভালো হয়েছে। তবে সম্প্রতি বিছা পোকার আক্রমন দেখা দিয়েছে। এতে অতিষ্ট কৃষক। কোনকোন স্থানে গোড়াপঁচন ও পাতামুড়ানো রোগ রয়েছে।

শ্রীমঙ্গল রাধানগর এলাকার নাগা মরিচ চাষী কাজী সামছুল হক জানান, তার ১০ হাজার নাগা মরিচের গাছ রয়েছে। তিনি কীটনাশক ছাড়াই এটি উৎপাদন করেছেন। কিন্তু হঠাৎ করে তার বাগানের বেশ কিছু গাছে বিভিন্ন জাতের বিছাপোকা মরিচ খাওয়া শুরু করেছে। প্রাকৃতিক পদ্ধতিতে স্প্রে করেও কোন ফল হয়নি। বিষয়টি নিয়ে তিনি খুব দুশ্চিন্তায়।

শ্রীমঙ্গল ভুনবীর নুতন বাগানের লেবু ও নাগামরিচ চাষী বিধান চক্রবর্তী জানান, তার বাগানে নাগামরিচে গোড়াপঁচন এবং পাতা মোড়ানো রোগ দেখা দিয়েছে। তিনি জানান, এর আগে শিলা বৃষ্টিতে তার লেবু বাগানের সব ফুল ঝরে পড়ে।

শ্রীমঙ্গল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিলুফার ইয়াছমিন মোনালিসা জানান, শ্রীমঙ্গল উপজেলায় প্রায় ৩ শ’ একর জমিতে নাগা মরিচের চাষ হয়। শ্রীমঙ্গলের নাগামরিচ খুব জনপ্রিয়। এটি লাল টকটকে হয় এবং এর ঝাঁল তীব্র। তবে চলমান মৌসুমে তাপমাত্রার তারতম্যের কারণে, বিশেষ করে দিনের প্রথমভাগে উচ্চ তাপমাত্রা ও সন্ধার পর নিম্ন তাপমাত্রার কারণে কিছু সমস্যা হচ্ছে।

তিনি জানান, দু’একটি স্থান থেকে গোড়া পঁচা রোগ, পাতামোড়া রোগ ও বিছার আক্রমনের সংবাদ পেয়েছেন। তবে তা প্রতিরোধে সুমি আলফা ও বজ্র ক্রীটনাশক খুবই উপকারী। এর ব্যবহার প্রণালী হিসেবে ১লিটার পানিতে ১মিলিলিটার সুমি আলফা ৭দিন অন্তর দুইবার দিতে হবে। আর পাতামোড়ানো রোগের জন্য কুমুলাস ও ইনসাফ খুবই উপকারী।
শেয়ার করুন

শেয়ার করুন