১৮ সেপ্টেম্বর ২০১৯
উপজেলা প্রতিনিধি

দক্ষিণ সুরমা : সিলেট-মোগলাবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের দু’পাশে আগাছা (জঙ্গল) জন্মে সড়কটি সংকীর্ণ হওয়ার কারণে যানবাহন ও পথচারী চলাচলে বিঘ্ন ঘটছে। সড়ক ও জনপথ বিভাগের মালিকাধীন এ সড়ক দিয়ে দিনরাত স্থানীয় ও দূরপাল্লার অসংখ্য যানবাহন চলাচল করে। কিন্তু সড়কের উভয় পাশে ৩ ফুট পাকা জায়গা জুড়ে আগাছা সৃষ্টি হওয়ার পথচারী চলাচল করতে পারছে না। এছাড়া দু’টি গাড়ী ক্রসিং এর সময় আগাছার কারণে যাতায়াত বাধাগ্রস্ত হচ্ছে।
সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ পর্যন্ত সড়কের দু’পাশে আগাছা থাকার কারণে অনেক সময় অপরাধীরা এ সকল স্থানে অবস্থান নিয়ে সহজে অপরাধ সংঘটিত করে। এছাড়াও মশা-মাছি ও পোকা মাকড় জন্ম নেয়ার কারণে পথচারীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, সরকার কোটি কোটি টাকা ব্যয়ে সড়ক দিয়ে দ্রুত যানবাহন চলাচলের জন্য সম্প্রসারণ করলেও সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বহীনতার কারণে দীর্ঘদিন ধরে সড়কের দু’পাশের ৩ ফুট ৩ ফুট করে ৬ ফুট সড়ক আগাছার দখলে চলে যাওয়ায় সড়কটি সংকীর্ণ হয়ে পড়েছে। এতে সরকারের সুফল ভোগ করতে পারছেন না জনগণ।
এছাড়াও পথচারীগণ সড়কের পাশ দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারছেন না। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক ও হাট-বাজারের যাতায়াতকারীগণ আগাছার কারণে রাস্তার উপর দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে ঘটছে ছোট-খাটো দুর্ঘটনা।
ভুক্তভোগীরা আগাছা পরিষ্কার করে সড়কটির সম্প্রসারণের ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন।