৪ জুলাই ২০১৯


রবীঠাকুরের শতবর্ষ স্মরণোৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : ১৯১৯ সালে সিলেটে পা মাড়িয়েছিলেন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার আগমনের শতবর্ষ উপলক্ষে সিলেটে হবে দু’দিন ব্যাপী ‘শতবর্ষ স্মরণোৎসব’ উৎসব। আগামী ৮ ও ৯ নভেম্বর নগরের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে। ৮ নভেম্বর অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সন্ধ্যায় নগরের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে শতবর্ষ স্মরণোৎসবের লোগো উন্মোচন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি উৎসব পরিচালনা পর্ষদের আহ্বায়ক ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শতবর্ষ স্মরণোৎসবের লোগো উন্মোচন করেন।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক অর্থমন্ত্রী মুহিত বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রেরণার উৎস। বাঙালি জাতিকে তিনি অনেক কিছু দিয়েছেন। আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করতে যাচ্ছি, তিনি শতবর্ষ আগে সিলেটে এসেছিলেন। এ শতবর্ষের দিনক্ষণ আগামী নভেম্বরে। ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে শতবর্ষ স্মরণোৎসব সফল করার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উৎসব পরিচালনা পর্ষদের সদস্য সচিব সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার এল কৃষ্ণমুর্তি, মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, সিলেট চেম্বার অব কমার্সের প্রশাসক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরো সিকন্দর আলী, আবুল মাল আব্দুল মুহিতের ছেলে সিলেট সিক্সার্সের চেয়ারম্যান শাহেদ মুহিত।

শেয়ার করুন