৬ ফেব্রুয়ারি ২০২২


এবার টিকার আওতায় সিলেট জেলার কওমি মাদারাসা শিক্ষার্থীরা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কওমি মাদরাসার শিক্ষার্থীদেরও করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান শুরু হয়েছে। ইতোমধ্যে সিলেটের দক্ষিণ সুরমা ও জকিগঞ্জের কয়েকটি মাদরাসার শিক্ষার্থীদের টিকার প্রথম ডোজ প্রদান সম্পন্ন হয়েছে। বর্তমানে পুরো জেলার শিক্ষার্থীদের তালিকা সংগ্রহের কাজ চলছে। তালিকা সংগ্রহ শেষে টিকা সরবরাহ করে কওমি মাদরসার সকল শিক্ষার্থীকে দেওয়া হবে টিকা।

সিলেট জেলার সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার বলেন, সকল কওমি মাদরাসার শিক্ষার্থীকে করোনা প্রতিরোধক ভ্যাকসিন প্রদানের জন্য প্রস্তুত হতে সরকারের পক্ষ থেকে নির্দেশেনা এসেছে। এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকও হয়েছে। এখন তালিকা সংগ্রহের কাজ চলছে। এর মধ্যে আমাদের হাতে পর্যাপ্ত টিকা চলে আসবে। এরপরই পুরোদমে কওমি মাদরাসার শিক্ষার্থীদের টিকা প্রদানের কার্যক্রম শুরু হবে।

তিনি বলেন, প্রথমে সরকারের নির্দেশনা ছিলো- স্কুল-কলেজ ও শুধু রেজিস্টার দাখিল মাদরাসার শিক্ষার্থীদের টিকা প্রদানের। এসব শিক্ষার্থীদের টিকা দেওয়ার সময় আমাদের হাতে পর্যাপ্ত টিকা ছিলো। তাই সরকারের নির্দেশনা পাওয়ার আগেই আমরা সিলেটের দক্ষিণ সুরমা ও জকিগঞ্জের কয়েকটি কওমি মাদরাসার শিক্ষার্থীদের টিকার প্রথম ডোজ দিয়ে দিয়েছি। এবার সকল কওমি মাদরাসার শিক্ষার্থীকে টিকা প্রদান করা হবে।

শেয়ার করুন