১২ মার্চ ২০১৯


চোখের জলে শেষ বিদায় দরগাহ মাদ্রাসার মুহতামিম

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : গভীর শ্রদ্ধা, ভালোবাসা আর চোখের জলে শেষ বিদায় জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল (রহ.) সিলেটের মুহতামিম ও শায়খুল হাদীস, প্রবীণ মুফতি আবুল কালাম জাকারিয়াকে চির বিদায় জানিয়েছেন সিলেটবাসী। বরেণ্য এই আলেমের জানাজায় সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে তিল ধারনের ঠাই ছিলনা।

মঙ্গলবার সকাল ১১টায় সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা ময়দানে তার নামাজের জানাজা শেষে দরগাহে হযরত শাহজালাল (র.) এর কবরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাজায় লাখো মুসল্লী অংশগ্রহণ করেন।

জানাজায় ইমামতি করেন দরগাহ মাদ্রাসার নতুন দায়িত্বপ্রাপ্ত মুহতামিম ও শায়খুল হাদীস মুফতি মুহিবুল হক গাছবাড়ি।

মুফতি আবুল কালাম জাকারিয়ার নামাজের জানাযায় অংশ নিতে আলীয়া মাদ্রাসা মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে। জানাজায় দরগাহ মাদ্রাসার ছাত্র-শিক্ষক, সিলেটের আলেম সমাজ, সাধারণ ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিতিতে লোকারণ্য হয়ে উঠে। এসময় মাদ্রাসা মাঠে জায়গা না পেয়ে অনেকেই রাস্তায় দাঁড়িয়ে যান। আলীয়া মাদ্রাসা মাঠ থেকে চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত মুসল্লীরা অবস্থান নেন।

জানাযার নামাজের পূর্বে মরহুমের জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশের সভাপতি ও জামেয়া মাদানীয় আঙ্গুরা মোহাম্মদপুরের মহাপরিচালক আল­ামা শায়খ জিয়া উদ্দিন, বোর্ডের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা আব্দুল বছির, দরগাহ মাদ্রাসার নবনির্বাচিত মুহতামিম মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, ভার্থখলা মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ, জামেয়া দারুল কোরআন সিলেটের প্রিন্সিপাল সাবেক এমপি শাহীনুর পাশা চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, দরগাহপুর মাদ্রাসার মুহতামিম আল­ামা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, মাওলানা মখলিছুর রহমান কিয়ামপুরী, ধনুকান্দি মাদ্রাসার মুহতামিম মাওলানা মোস্তাক আহমদ খান, মুক্তিচর মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিবুর রহমান, আল­ামা শফিকুল আহাদ, সিলেট এম.সি কলেজের প্রফেসর মাহমুদুল হাসান, মরহুমের আপন ভাই প্রফেসর দেলওয়ার হোসেন, জামাতা মুজম্মিল হোসেন, দরগাহ মাদ্রসার সহকারী মুহতামিম মাওলানা আসাদ উদ্দিন, অ্যাডভোকেট এম.এ রকিব, কাউন্সিলর তৌফিকুল হাদী, দরগাহ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মুফতি মো. হাসান, মাওলানা এনামূল হক, মাওলানা জুনায়েদ কিয়ামপুরী সহ জানাজায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, জমিয়ত, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন