১০ নভেম্বর ২০২২


জৈন্তাপুরে বেপরোয়া চোরাকারবারীরা, র‍্যাবের উপর হামলা

শেয়ার করুন

জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরের হরিপুর বাজারে ভারতীয় চোরাচালান ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে র‍্যাব-‘র সদস্যরা। চোরাকারবারীদের হামলায় র‍্যাবের তিন সদস্য আহত হয়েছেন। আহত র‍্যাব সদস্যরা হলেন- সৈনিক জাহাঙ্গীর আলম ও সৈনিক মেহেদী হাসান। অপর আহতের নাম জানা যায়নি।

বুধবার রাতে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়দের সহায়তায় আহত র‍্যাব সদস্যদের উদ্বার করে স্থানীয় একটি ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরবর্তীতে র‍্যাবের অন্য সদস্যরা এসে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যান। সাদা পোশাকে অভিযানে থাকায় প্রথমে তাদের পরিচয় জানা সম্ভব হয় নি।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, র‍্যাব গোপন সূত্রে খবর পেয়ে ভারতীয় চা-পাতা ও মদের একটি বড় চোরাচালান চক্রের গাড়ি আটক করতে হরিপুর বাজারে অভিযান পরিচালনা করে। এসময় স্থানীয় কিছু চোরাকারবারী তাদের উপর হামলা চালায়। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। পরবর্তী সময়ে র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে আসলে ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে ভয়ে নিরাপদে চলে যায়।

জৈন্তাপুর মডেল থানান ওসি গোলাম দস্তগীর আহমেদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ প্রেরণ করা হয়। ৩ জন র‍্যাব সদস্য আহত হওয়ার খবর পেয়েছি।বর্তমানে বাজারের পরিস্থিতি শান্ত রয়েছে।

স্থানীয় ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমদ বলেন, ব্যবসায়ী কমিটির সহায়তায় আহত র‍্যাব সদস্যদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদানের ব্যবস্থা করি। এই ঘটনার সাথে জড়িতদের পুলিশের সহায়তায় চিহৃিত করার চেষ্টা করা হচ্ছে।

শেয়ার করুন