১১ আগস্ট ২০১৭
সুনামগঞ্জ প্রতিনিধি : পাহাড়ি ঢলে সুনামগঞ্জ ও তাহিরপুর সড়কের কয়েকটি স্থান ভেঙে যান চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার সকাল থেকে এ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
তাহিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফেরদৌস আলম আখনজী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত থেকে অবিরাম বৃষ্টি ও সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলা সীমান্ত নদী যাদুকাট ও পাটলাইয়ের পানি বিপদসীমা অতিক্রম করেছে।
উপজেলার বড়ছড়া, চারাগাঁওসহ অন্তত ৫টি ছড়া দিয়ে পাহাড়ি ঢলে পানি প্রবল বেগে নদ-নদীতে প্রবেশ করে বন্যার সৃষ্টি হয়েছে। পাহাড়ি ঢলে সুনামগঞ্জ ও তাহিরপুর সড়কের কয়েকটি স্থান ভেঙে যান চলাচল বন্ধ রয়েছে।
উপজেলার বালিজুরি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া জানান, পাহাড়ি ঢলে যাদুকাটা নদীর তীর প্লাবিত হয়েছে। এ ছাড়া নদীর প্রবল স্রোতে উপজেলা আনোয়ারপুর বাজারের প্রায় ৩০টি দোকান ভেঙে গেছে। এতে কমপক্ষে ৫০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরো জানান, উপজেলার আনোয়ার বাজার-বালিজুরি সড়কের আনোয়ারপুরের কাছাকাছি যাদুকাটা নদীর স্রোতে সড়ক ভেঙে গিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। একইভাবে সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের আনোয়ারপুর ব্রিজের আগে অন্তত ৩টি স্থানে সড়ক ভেঙে সুনামগঞ্জ-তাহিরপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
(আজকের সিলেট/১১ আগষ্ট/ডি/এসটি/ঘ.)