১০ জুন ২০২২
নিজস্ব প্রতিবেদক : ভারতের ক্ষমতাশীল দল বিজেপির মুখপাত্র কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ ( সা:) কে নিয়ে কটুক্তি ও অবমাননার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশে উত্তাল হয়ে উঠেছে সিলেট। এসময় প্রতিবাদে কম্পিত হয়ে উঠে সিলেট নগরী। প্রতিবাদ সমাবেশে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা থেকে জড়ো হন মুসল্লিরা।
শুক্রবার বাদ জুমআ সিলেট নগরীর কামরান চত্ত্বরে বিক্ষোভ মিছিল সহকারে জড়ো হন ধর্মপ্রাণ মুসল্লিরা। প্রতিবাদ সমাবেশে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর দাবী জানান ধর্মীয় নেতারা।
সিলেট ইমাম সমিতি সহ বিভিন্ন ধর্মপ্রাণ মুসলিম জনতা প্রতিবাদমুখর হয়ে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল সিলেটের কামরান চত্বরে(সিটি পয়েন্ট) এসে জমায়েত হয়। ইমাম সমিতির ডাকে সাড়া দিয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে আলেম-উলামাসহ শত শত নবিপ্রেমী জনতা বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে জড় হন সিটি পয়েন্টে এলাকায়। বিক্ষোভ মিছিলে প্রকম্পিত হয়ে উঠে সিলেটের রাজপথ।
একই দাবিতে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মুসল্লিরা বিক্ষোভে ফেটে পড়েন। বৃষ্টি উপেক্ষা করে মিছিলে সাধারণ জনতা, মাদরাসার ছাত্রশিক্ষক ছাড়াও ধর্মপ্রাণ মুসল্লিদের দাবি অবিলম্বে ভারতকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। অন্যথায় বিশ্বজুড়ে মুসলিমদের ক্ষোভের বিস্ফোরণ ঘটবে। সেই বিস্ফোরণের দাবানলে পুড়ে ছারখার হয়ে যাবে ভারত।
এদিকে শুধু সিলেট নগরী নয় শুক্রবার বাদ জুমআ সিলেটের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে ইসলামী বিভিন্ন সংগঠন ও অন্যান্য বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।