৪ জুলাই ২০২৩


সাদাপাথরে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : কোম্পানীগঞ্জের সাদাপাথরে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হওয়ার ৪৮ ঘন্টা পর পর্যটক আব্দুস সালামের (২৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সালামঢাকার মিরপুর-১১ এর অস্থায়ী ক্যাম্পের মৃত আবুল কালামের ছেলে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে কোম্পানীগঞ্জের ধলাই নদের উৎসমুখ ভোলাগঞ্জে লাশটি ভেসে ওঠে।

কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধারের পর পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। খবর পেয়ে ঢাকা থেকে আবদুস সালামের চাচা এসেছেন।

উল্লেখ্য, গত রোববার দুপুর আড়াইটার দিকে সাদাপাথর পর্যটনকেন্দ্রে পানিতে সাঁতার কাটতে নেমে ধলাই নদী পারাপারের সময় নিখোঁজ হন আব্দুস সালাম। এরপর থেকে তার সন্ধানে উদ্ধার কাজ শুরু করে উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশসহ স্থানীয় বাসিন্দারা।

নিখোঁজের সঙ্গে আসা মো. সাজ্জাদ হোসেন শাহিন জানান, মিরপুর থেকে তারা ৬ বন্ধু ঈদের ছুটি কাটাতে সাদাপাথর ঘুরতে আসেন। এখানে আসার পর সবাই পাথরের ওপর দিয়ে চলা স্বচ্ছ পানিতে অন্যান্য পর্যটকদের মতো সাঁতার কাটতে নামেন। এ সময় আব্দুস সালামসহ দুজন ধলাই নদী সাঁতরে পার হওয়ার সময় পানির স্রোতে সালাম নিখোঁজ হন। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না।

শেয়ার করুন