১৪ ডিসেম্বর ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে ট্রাকচাপায় টমটমের তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দু’জন। নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার ঝিকুয়া গ্রামের ফারুক মিয়ার ছেলে তানিম মিয়া (১৭), হবিগঞ্জ শহরের সমেদ মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৫০) ও চুনারুঘাট উপজেলার রামশ্রী গ্রামের আনোয়ার আলীর ময়েে তামান্না আক্তার (২৫)। এদের মধ্যে তানিম ইজিবাইকের চালক ও বাকিরা যাত্রী।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট আঞ্চলিক সড়কের চানভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চুনারুঘাট থেকে নতুন ব্রিজের উদ্দেশে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান দুর্গাপুরে পৌঁছায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের যাত্রীরা আহত হলে তাদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। এসময় সেখানে দায়িত্বরত চিকিৎসক চালক তানিম এবং সুফিয়াকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তামান্নার মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটো জব্দ করেছে পুলিশ।
চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ১২টার দিকে শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট আঞ্চলিক সড়কের চানভাঙ্গা এলাকায় ঘাতক ট্রাক যাত্রীবাহী টমটমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আহত তিনজনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতলে নিয়ে গেলে সেখানে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।