১২ ফেব্রুয়ারি ২০২৩


শেখঘাট থেকে কলেজ ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

ফাইল ফটো

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:   সিলেট মহানগরীর শেখঘাট থেকে সনিয়া বেগম (২০) নামে এক কলেজ ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।

রবিবার নগরীর শেখঘাট নিলিমা আবাসিক এলাকার খুলিয়াটুলা-১৪ নম্বর বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত সনিয়া সিলেটি নাটকের অভিনেত্রী ও টিকটকার তরুণী ছিলেন। তিনি মা ও সৎ বাবার সঙ্গে ওই বাসার ৪র্থ তলায় থাকতেন। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও গ্রামে সৎ বাবা সেলিম মিয়ার বাড়ি। সে দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের ছাত্রী। তবে  সনিয়ার মুল বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার কলাছড়া গ্রামে । বাবার নাম বিল্লাল আহমদ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম জানান, মুঠোফোনে খবর পেয়ে দুপুর সোয়া ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।

জানা যায়, সনিয়ার সৎ পিতা সেলিম মিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এ অবস্থায় সনিয়ার মামাতো ভাই সজিব আহমদ শনিবার রাতে সনিয়াদের বাসায় আসেন। আজ রবিবার সকাল ৭টার দিকে সজিবসহ সনিয়ার পরিবারের সদস্যরা একসঙ্গে বসে নাশতা করেন। পরে ঘরে সনিয়া ও তার ভাবি ফারিয়া বেগমকে রেখে পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে চলে যান। এসময় সনিয়ার মামাতো ভাই সজিব ওই বাসায় ছিলেন। তবে সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালে থাকা সনিয়ার মা অমিতা বেগমকে ফোন করে সজিব বাড়ি চলে যাচ্ছেন বলে বিদায় নেন।

এদিকে, দুপুর ১২টার দিকে সনিয়ার সাড়াশব্দ না পেয়ে তার ভাবি সনিয়ার কক্ষে গিয়ে বিছানার উপরে গলাকাটা অবস্থায় দেহ পড়ে থাকতে দেখেন। এসময় হাসপাতালে থাকা পরিবারের সদস্যদের খবর দেন সনিয়ার ভাবি। তারা বাসায় ফিরে পুলিশে খবর দিলে দুপুর পৌনে ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। মরদেহের পাশ থেকে কাপড় কাটার একটি রক্তমাখা কাঁচি জব্দ করে পুলিশ।

মো. আজবাহার আলী শেখ পিপিএম বলেন- এ ঘটনায় একজনকে আমরা সন্দেহ করছি। তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করছি না। তাকে আটকের চেষ্টা করা হচ্ছে। পুলিশের পাশাপাশি সিআইডি এবং পিবিআই-ও রহস্য উদঘাটনে কাজ করছে। সংশ্লিষ্ট একটি সূত্র বলছে- পুলিশের সন্দেহের তির সনিয়ার মামাতো ভাই সজিবের দিকে। পরিবারের সদস্যরাও তাকে সন্দেহ করছেন। পুলিশ তাকে খুঁজছে।

 

শেয়ার করুন