২৮ ফেব্রুয়ারি ২০২৩
ডেস্ক রিপোর্ট : মজুদ শেষ হয়ে যাওয়ায় নগরীতে করোনা ভ্যাকসিন কার্যক্রম বন্ধ করে দিল সিলেট সিটি কর্পোরেশন। তবে মজুদ থাকা সাপেক্ষে ১২ বছরের নিচের শিশুদের ফাইজারের টিকা প্রয়োগ অব্যাহত থাকবে।
মঙ্গলবার থেকে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত সিলেটে এ টিকা আর দেওয়া হবে না। ফলে কার্যত বন্ধ করে দেয়া হয়েছে ভ্যাকসিন কার্যক্রম। সর্বশেষ সোমবার নগরীতে ফাইজারের ভ্যাকসিন ৩য় ও ৪র্থ ডোজ হিসেবে দেয়া হয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আমাদের হাতে ফাইজারের কোন টিকা নেই। এছাড়া নগর এলাকায় শুধু ফাইজারের টিকা চালু থাকায় আজ (মঙ্গলবার) পুুরো ভ্যাকসিন কার্যক্রম বন্ধ থাকবে। নগরীতে ৫ বছর বয়সোর্ধ্ব ১ম, ২য়, ৩য় ও ৪র্থ ডোজ মিলে ১৭ লক্ষাধিক ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে। এরমধ্যে ২০ হাজারের অধিক লোক করোনা ভ্যাকসিনের ৪র্থ ডোজ নিয়েছেন।