১ জানুয়ারি ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নের সুনামপুর গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।অন্যান্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে সুনামপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সুমানপুর গ্রামের হাজী আমির আলীর ছেলে শের আলীর সঙ্গে একই গ্রামের আব্দুন নুরের ছেলে আউয়াল মিয়ার দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সকালে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে টেটাবিদ্ধসহ ১৫ জন আহত হয়। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে টেটাবিদ্ধ তাহের আলী (৬০), ছিফত আলী (৬২), শের আলী (৪০), আউয়াল মিয়া (৫০), কাইয়ুম মিয়া (৩২), রহমত আলী (৪৫) ও কামাল মিয়া (২৫)কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক জানান, পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
(আজকের সিলেট/১ জানুয়ারি/ডি/কেআর/ঘ.)