দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি: জেলার দক্ষিণ সুনামগঞ্জে প্রতারণার দায়ে জাকারিয়া আহমেদ স্বাধীন নামের এক কথিত সাংবাদিককে আটক করেছে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ। সে উপজেলার আমদাবাজ গ্রামের আব্দুল আজিজের পুত্র।
গতকাল (২৯ জুলাই) বিকেলে তাকে আমদাবাজ থেকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা “আলোকিত দিগন্ত নিউজ২৪” নামক একটি নিউজ পোর্টালের আইডি কার্ড উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, স্বাধীন দীর্ঘ দিন যাবৎ নিকটাত্মীয়ের সাথে বিদেশে লোক পাঠানোর কৌশলে প্রতারণা করে বিভিন্ন সময়ে প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা আত্মসাৎ করে। টাকা আত্মসাৎ করার প্রতারণায় দায়ে দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম তালুকদার সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করেন। আটকের পর প্রাথমিকভাবে সে টাকা আত্মসাতের বিষয়টি স্বীকার করে। আজ বৃহস্পতিবার(৩০ জুলাই) তাকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে আলোকিত দিগন্ত নিউজ২৪.কম এর সম্পাদক ও প্রকাশক আল আমিন বলেন, আমরা ২/৩ মাস আগে প্রতিনিধি দিয়েছিলাম। সে যে প্রতারক জানা ছিলনা। সে যদি প্রতারণা করে থাকে তাহলে অবশ্যই তাকে আইনের আওতায় আনা হোক।
দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, প্রতারক স্বাধীন টাকা আত্মসাতের বিষয়টি স্বীকার করেছে। আমরা তাকে জেল হাজতে প্রেরণ করেছি।