৭ ডিসেম্বর ২০২৩
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে পণ্যবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। নিহতরা হলেন- ছাতকের জিয়াপুর গ্রামের আনা মিয়ার ছেলে নাহিদুল হক (১৮), একই গ্রামের আবাব মিয়ার ছেলে রবিন আহমেদ (১৮)। এ ঘটনায় মাকছুদ মিয়াকে (২০) তাদের আরেক বন্ধু আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাতে সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের দাড়াখাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, তিন বন্ধু জগন্নাথপুর উপজেলা শহরে ঘোরাঘুরি শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিন জনই আহত হন। তাদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার সৃজনা সরকার তমা বলেন, দুই জনকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। আরেকজনের অবস্থা গুরুতর হওয়ায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।