১৫ মে ২০২২
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সুপার মার্কেটে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছন আরো বেশ কয়েকজন। স্থানীয় সময় শনিবার নিউইয়র্কের বাফেলো শহরে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, এ ঘটনায় তারা ১৮ বছর বয়সী হামলাকারীকে আটক করেছে। ঘটনাটিকে ‘জাতিগত বিদ্ধেষ থেকে উদ্বুদ্ধ অপরাধ’ হিসেবে তদন্ত করা হচ্ছে। তবে তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি।
বাফেলোর পুলিশ কমিশনার জোসেফ গ্রামাগলিয়া বলেন, গুলিবিদ্ধ ১৩ জনের মধ্যে ১১ জনই কৃষ্ণাঙ্গ।
এ ঘটনাটিকে জঘন্যতম বলে আখ্যায়িত করেছেন এরি কাউন্টি শেরিফ জন গার্সিয়া। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের সম্প্রদায়ের বাইরের কারো কাছ থেকে জাতিগতভাবে ঘৃণ্য বিদ্ধেষে উদ্বুদ্ধ হয়ে এ ঘটনা ঘটানো হয়েছে।’
পুলিশ আরো জানায়, সন্দেহভাজন ওই যুবক শনিবার ব্যস্ত সুপারমার্কেটে প্রবেশ করে। গুলি চালানোর আগে সে হামলা সরাসরি প্রচার করার জন্য একটি ক্যামেরা ব্যবহার করে। অনলাইনে হামলার বিষয়ে কোনো বার্তা প্রচার করেছে কি না তাও অনুসন্ধান করা হচ্ছে।
হামলার সময় ওই যুবক হেলমেট পরিহিত ছিলো। সে উচ্চ ক্ষমতার একটি রাইফেল ব্যবহার করে টানা গুলিবর্ষণ করে।
এদিকে, হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হামলার বিষয়টি অবহিত করা হয়েছে। হামলার ঘটনায় শোক প্রকাশ করে জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।