৫ মে ২০২২


পার্কে নারীর ছবি তোলা নিয়ে হাতাহাতি

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : ঈদের ছুটিতে ঘুরতে আসা এক নারীর ছবি তোলাকে কেন্দ্র করে সিলেটে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড নামের একটি পার্কে দুই পক্ষের হাতাহাতি হয়েছে। এ ঘটনায় ওই নারীসহ কয়েকজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার বিকেল ৫টায় নগরের এয়ারপোর্ট বাইপাস সড়কে অবস্থিত পার্কটিতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

আম্বরখানা ফাঁড়ির ইনচার্জ এসআই মফিজ উদ্দিন জানান, ঈদের ছুটিতে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে বিপুল সংখ্যক দর্শনার্থী তাদের শিশুদের নিয়ে এসেছেন। এর মধ্যে কয়েকজন বখাটে যুবক এক নারীর ছবি তুলতে যান। এ ঘটনাকে কেন্দ্র করে নারীর পক্ষের লোকজনের সঙ্গে বখাটে যুবকদের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় ওই নারীসহ কয়েকজন আহত হন।

তিনি আরও বলেন, সংবাদ পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এর মধ্যে আহত একজনকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

এয়ারপোর্ট থানার ওসি খান মাইনুল জাকির বলেন, এ ঘটনায় পুলিশ তিন যুবককে আটক করেছে। তারা ঘটনা স্বীকার করেছেন। তবে দুই পক্ষই ওখানে ঘুরতে গেছেন।

শেয়ার করুন