২০ ডিসেম্বর ২০২১


শ্রীলঙ্কাকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

শেয়ার করুন

ক্রীড়া ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে উড়ছে বাংলাদেশ। ফাইনালে উঠতে হলে ড্র-ই যথেষ্ট ছিলো মারিয়াদের। তবে ম্যাচ ড্র করার জন্য যেনো খেলতে নামেননি বাংলাদেশের মেয়েরা। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ১২-০ ব্যবধানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

প্রথমার্ধেই বাংলাদেশ ৪-০ গোলের লিড নেয়। দ্বিতীয়ার্ধে আরো ৮ গোল করলে ১২-০ গোলের বড় জয় পায় বাংলাদেশ। বারো গোলের মধ্যে দু’টি হ্যাটট্রিক রয়েছে।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই লিড নেয় লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা। বাম-প্রান্ত থেকে ম্যাচের প্রথম গোলটি করেন আনুচিং মোগিনি। পাঁচ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করে নেয় স্বাগতিকরা। এবার আনুচিংয়ের পাশে প্রতিপক্ষের জালে বল জড়ান ঋতুপর্না চাকমা।

তৃতীয় গোলের জন্য নয় মিনিট সময় নিয়েছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ১৬তম মিনিটে আখি খাতুনের দেয়া পাসে ব্যবধানে তিনগুণ করেন শাহেদা আক্তার রিপা। ৩-০ ব্যবধানেই শেষ হতে চলেছিলো ম্যাচের প্রথমার্ধ। তবে বিরতির একদম অন্তিম মুহূর্তে নিজের দ্বিতীয় গোল করার পাশাপাশি ব্যবধান চারগুণ করেন ঋতুপর্না।

বিরতির দুই মিনিট পর আবার শুরু হয় গোল বন্যা। আখি খাতুন নিজের প্রথম ও দলের পঞ্চম গোল করেন। আখির গোলের দুই মিনিট পর শাহেদ আক্তার রিপা নিজের দ্বিতীয় গোল করেন।

৫৪ ও ৭০ মিনিটে আরিফা খন্দকার জোড়া গোল করেন। প্রথম গোল করা আনাই মুঘিনি ৭৭ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে নবম গোল করেন। ম্যাচের বাকি সময়ে বাংলাদেশ আরো তিনটি গোল করলে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে।

টুর্নামেন্টে নেপালের বিপক্ষে ড্র দিয়ে শুরু করা বাংলাদেশ পরবর্তী দুই ম্যাচে ভূটানকে ৬-০ ব্যবধানে বিধ্বস্ত করার পর ভারতকে ১-০ ব্যবধানে হারায়।

শেয়ার করুন