১২ জুলাই ২০২২


সুনামগঞ্জে কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে দুই গ্রামে সংঘর্ষ

শেয়ার করুন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : কোরবানির পশুর মাংস ভাগাভাগি নিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।  সোমবার এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, জগন্নাথপুরের গোতগাঁও গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী শাহীন মিয়া যুক্তরাজ্যের একটি দাতব্য সংস্থার মাধ্যমে গোতগাঁও গ্রামের একটি মাদ্রাসায় কোরবানির জন্য ৩৫টি গরু দেন। গরুগুলোর মাংস ভাগাভাগি নিয়ে জগন্নাথপুরের পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের শামীম মিয়া ও নবীগঞ্জের উমরপুর গ্রামের আহসান মিয়াসহ দুই গ্রামের কয়েকজনের মধ্যে মতবিরোধ দেখা দেয়। একপর্যায়ে সোমবার বিকেলে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় গ্রামের অর্ধশতাধিক লোক আহত হন। আহত ব্যক্তিদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নবীগঞ্জ উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন