২০ এপ্রিল ২০২২
নিজস্ব প্রতিবেদক : সিলেট শহর ও শহরতলীর জন্য আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সদকাতুল ফিতর বা ফিতরার পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখা। প্রতিবারের ন্যায় এবারও সিলেট শহর ও শহরতলীর এলাকার জন্য বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখা দারিদ্র বিমোচনে যাকাত-ফিৎরার ভূমিকা বিষয়ক আলোচনা সভায় সিলেটের সর্বজন শ্রদ্ধেয় মুফতীয়ানে কেরাম, উলামা মাশায়েখ, ব্যবসায়ী নেতৃবৃন্দের ও ইমাম-খতিবগণের সাথে আলোচনা ক্রমে স্থানীয়ভাবে ফিতরার পরিমাণ নির্ধারণ করা হয়েছে।
সিলেট নগরীর বিভিন্ন খুচরাবাজার যাচাই করে ৪৫ টাকা হিসাবে আটা ১৬৫০ গ্রামের মূল্য ৭৫ টাকা ও খেজুর (নেগাল) ২০০ টাকা দরে ৩৩০০ (এক সা’) গ্রামের মূল্য ৬৬০ টাকা, কিসমিস ৩৮০ টাকা হিসাবে ১,২৫৪ টাকা ও পনির ৭০০ টাকা বাজার দরে ২,৩১০টাকা নির্ধারণের মাধ্যমে ফিৎরার পরিমাণ নির্ধারণ করে ঘোষণা করা হয়।
ইমাম সমিতির অন্যতম উপদেষ্টা দরগাহে হযরত শাহজালাল রহ: মাদরাসার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ি এর সাথে আলোচনাক্রমে সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের সভাপতিত্বে ইমাম সমিতির ফতোয়া বোর্ড উপরোক্ত পরিমাণে ফিৎরার টাকা নির্ধারণ করে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইমাম সমিতির ফতোয়া বোর্ডের সদস্যবৃন্দ ও মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, সহ সভাপতি মাওলানা কারী শহীদ আহমদ, মাওলানা শাহ আশরাফ আলী মিয়াজানী, মাওলানা নূর আহমদ কাসেমী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সুহাইব আহমদ, মাওলানা আব্দুস শহীদ ও মাওলানা শুয়াইবুর রহমান প্রমুখ।
ইমাম সমিতির ফিৎরা নির্ধারণের সাথে সম্মতি পোষন করেছেন জামেয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর মাদরাসার শায়খুল হাদীস মুফতি মুজিবুর রহমান, সিলেট সরকারি আলিয়া মাদরাসার মুফতি মাওলানা আব্দুল মুছব্বির, শাহজালাল ডিওয়াই কামিল মাদরাসার মুফতি মাওলানা আবু সালেহ কুতবুল আলম, জামেয়া মাহমুদিয়া সোবহানীঘাট মাদরাসার মুহতামিম মাওলানা আহমদ কবির, দারুস সালাম মাদরাসার সহকারী শায়খুল হাদীস মাওলানা মাসুক আহমদ সালামী, নয়সড়ক মাদরাসার মুফতী মাওলানা জুবায়ের আহমদ, জামেয়া ইসলামিয়া পাঠানটুলার মুফতী মাওলানা আলী হায়দার, জামেয়া দারুল কুরআন মাদরাসার মুফতী আব্দুল মুমিন, ইমাম সমিতি সিলেট জেলা সভাপতি মাওলানা এহসান উদ্দীন, জালালাবাদ ইমাম ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মতিউর রহমান, কুদরত উল্লাহ হাফিজিয়া মাদরাসার প্রিন্সপাল মাওলানা মিফতাহ উদ্দিন, জামেয়া দারুল হুদার মুফতী কামাল উদ্দিন সুরইঘাটী, জামেয়া হাতিমিয়া শিবগঞ্জ মাদরাসার মুফতী হাফিজুর রহমান, মুফতী মজির উদ্দিন কাসেমী প্রমুখ।