১৪ এপ্রিল ২০২২


রাশিয়ার যুদ্ধ জাহাজে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : কৃষ্ণসাগরে রাশিয়ার ফ্ল্যাগশিপ যুদ্ধ জাহাজ ‘মস্কোভা’ বিস্ফোরণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেন দাবি করছে তারা সেখানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বৃহস্পতিবার এই হামলা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে নিউজ এজেন্সি ইন্টারফ্যাক্স জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ক্রুজারের আঘাতে জাহাজে থাকা গোলাবারুদে আগুন লেগে বিস্ফোরণ হয়েছে।

ওডেসার কৃষ্ণ সাগর বন্দরের আশেপাশের অঞ্চলের ইউক্রেনীয় গভর্নর ম্যাকসিম মার্চেনকো এক অনলাইন পোস্টে বলেছেন, মস্কোভা ইউক্রেনের তৈরি দুটি নেপচুন অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র দ্বারা হামলার শিকার হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা অলেক্সি আরেস্টোভিখ বলেন, রাশিয়ার উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে যেতে পারছিল না। সেখানে ৫১০ জনের মতো ক্রু থাকার সম্ভাবনা রয়েছে।

এখন পর্যন্ত ইউক্রেন রাশিয়া যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়া দ্বিতীয় বৃহত্তম জাহাজ মস্কোভা। গত মাসে আজভ সাগরে ‘ওরস্ক’ নামে রাশিয়ার আরেকটি অবতরণ সহায়ক জাহাজ ধ্বংস করেছে বলে দাবি করেছিল ইউক্রেন।

ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মারিওপোল দখলের জন্য ইউক্রেনের সঙ্গে রাশিয়ার তুমুল লড়াই চলছে।

মস্কোভা মিসাইল ক্রুজারটি ১৯৮০ সালের দিকে ইউক্রেনের মাইকোলাইভে নির্মাণ করা হয়। ১৮৬ মিটার লম্বা এ যুদ্ধজাহাজটি সোভিয়েত নেভির প্রজেক্ট ১১৬৪ অটলান্ট ক্লাসের গুরুপূর্ণ জাহাজ ছিল। প্রথমে এর নাম ছিল স্লাভা। পরে এর নাম বদলে করা হয় মস্কোভা। যুদ্ধজাহাজটির প্রধান অস্ত্র হচ্ছে পি-১০০০ ভলকান অ্যান্টি-শিপ মিসাইল।

শেয়ার করুন