১ জানুয়ারি ২০২৪
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় হারুন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার পর মরদেহ ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে। নিহত হারুন মিয়া উপজেলার রানীগাঁও ইউনিয়নের বাসিন্দা আকবর উল্লার ছেলে।
সোমবার সকালে চুনারুঘাট থানা পুলিশ মরদেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, সকালে চুনারুঘাট নতুন বাজারের পাশে একটি ধানক্ষেতে হারুন মিয়ার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানানো হয়। মরদেহের হাত ও পা গামছা দিয়ে বাঁধা অবস্থায় ছিল।
চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে ধরে নিয়ে পুলিশ রহস্য উদঘাটনের জন্য কাজ করছে। হারুন মিয়া হবিগঞ্জ আদালতে একজন আইনজীবীর সহকারী হিসেবে কাজ করতেন।