৮ এপ্রিল ২০২২
আন্তর্জাতিক ডেস্ক : খাদ্যপণ্য ও জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে চলতে থাকা বিক্ষোভ রুখতে এক মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলো। সরকারের জারি করা ডিক্রিতে বলা হয়েছে, আন্দোলন কর্মসূচি স্থগিত রাখার নির্দেশ দেয়া হচ্ছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন থাকবে দেশটির সেনা সদস্যরা।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর থেকে দেশটিতে বেড়ে গেছে সব পণ্য ও জ্বালানি তেলের দাম। এরই প্রতিবাদে সপ্তাহব্যাপী শত শত ট্রাক শ্রমিক ও খামার শ্রমিকেরা সারাদেশে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে।
সম্প্রতি রাজধানী লিমা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে ইকাতে বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষে একজন খামার শ্রমিক নিহত এবং ১৫ জন আহত হওয়ার পর দেশটিতে আন্দোলন আরো তীব্র হচ্ছে।
এর আগে গত মঙ্গলবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি অবস্থা জারির পর বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ বাঁধে। পরে জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিলেও পুনরায় সে ঘোষণা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট।
ক্ষমতায় আসার আট মাস পর এই প্রথমবারের মতো প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলো এই সামাজিক প্রতিবাদ আন্দোলনের মুখোমুখি হয়েছেন।