৫ মে ২০২২


শান্তিগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

শেয়ার করুন

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে বাসচাপায় ফাহিম মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ফাহিম মিয়া উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে।

বুধবার মধ্যরাতে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে সুনামগঞ্জ থেকে সাকিন পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। বাসটি পথে পাগলা বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ফাহিম গুরুতর আহত হন। আহত অবস্থায় ফাহিমকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সেলিম বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে তার আগেই চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন