৬ মার্চ ২০২২


টাইগারদের নতুন ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট

শেয়ার করুন

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শেন টিমোথি ম্যাকডারমট। শনিবার রাত ১০টার পরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বিসিবি। আগামী সোমবার থেকে শুরু হবে ৪১ বছর বয়সী এই অস্ট্রেলিয়ানের সঙ্গে চুক্তির মেয়াদ।

এর আগেও, ম্যাকডারমট বাংলাদেশে কাজ করেছেন। ২০০৬ থেকে ২০০৮ সালের মধ্যে জাতীয় একাডেমিতে হেড কোচ, জাতীয় দলের ফিল্ডিং কোচ এবং হাই পারফরম্যান্স দলে ফিটনেস সমন্বয়কারী হিসেবে কাজ করেছেন। চলতি সপ্তাহেই কাজে যোগ দেবেন ম্যাকডারমট।

ম্যাকডারমটের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। দুই দশক কোচিংয়ের অভিজ্ঞতা থাকা এই কোচ সর্বশেষ শ্রীলঙ্কা জাতীয় দলের ফিল্ডিং কোচ ছিলেন। পাশাপাশি দেশটির ‘এ’ দলেরও দায়িত্ব সামলেছেন তিনি। এছাড়া অস্ট্রেলিয়ার সিনিয়র দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি বাংলাদেশের ফিল্ডিং ছিলো হতশ্রী। ক্যাচ মিসের মহড়া দিয়েছেন ফিল্ডাররা। বিশ্বকাপের পর ফিল্ডিং কোচ রায়ান কুকের সঙ্গে চুক্তি বাড়ায়নি বিসিবি। পাকিস্তান সিরিজে ফিল্ডিংয়ের দায়িত্ব সামলেছেন মিজানুর রহমান বাবুল। আফগানিস্তান সিরিজে ছিলেন রাজিন সালেহ।

ফিল্ডিং কোচ নিয়োগ দেয়ার একদিন আগেই, দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ডকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।

শেয়ার করুন