২৬ ডিসেম্বর ২০২১


বিয়ানীবাজারের আওয়ামীলীগ ৪, অন্যান্য ৬

শেয়ার করুন

বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজার উপজেলায় দিনভর বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। ভোটের ফলে উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ক্ষমতাশীন দল আওয়ামীলীগের প্রার্থীরা নৌকা প্রতিক নিয়ে ৪ টি, বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা ২টি, জামায়াত ১টি এবং ৩টি ইউপিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আলীনগর ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী আহবাবুর রহমান খান শিশু, চারখাই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হোসেন মুরাদ চৌধুরী, শেওলায় নৌকার প্রার্থী জহুর উদ্দিন, দুবাগে জালাল উদ্দিন, কুড়ারবাজারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তুতিউর রহমান তুতা, মাথিউরায় নৌকার প্রার্থী আমান উদ্দিন, তিলপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান (বিএনপি), মুড়িয়ায় ফরিদ আল মামুন (জামায়াত স্বতন্ত্র), মুল্লাপুরে বর্তমান চেয়ারম্যান আব্দুল মন্নান (বিএনপি স্বতন্ত্র), লাউতায় স্বতন্ত্র প্রার্থী দেলওয়ার হোসেন।

রোববার সকাল থেকে দিনভর উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের পূর্ব মুড়িয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে নির্বাচনী সহিংসতায় ২পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। দুপুর ২টার দিকে এই সংঘর্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পাতন সরকারি উচ্চ বিদ্যালয়ে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ ২ রাউন্ড ফাকা গুলি ছোড়ে।

বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন জানান, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বিয়ানীবাজারে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসার বাহিনীর সদস্যরা কাজ করছেন।

শেয়ার করুন