২০ ডিসেম্বর ২০২১


সিলেটের ২৩ ইউনিয়নে ইভিএমে ভোট

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : আগামী ৩১ জানুয়ারি হতে যাওয়া সিলেট বিভাগের ২৩টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩ জানুয়ারি। আর বাছাই ৬ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি। ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে সিলেট ও হবিগঞ্জের কয়েকটি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইউনিয়নগুলো হলো- সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার লামাকাজি ও খাজাঞ্চি ইউনিয়ন। ওসমানীনগর উপজেলার উমরপুর, সাদিপুর, পশ্চিম পৈলনপুর, বুরুঙ্গাবাজার, গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর ও উছমানপুর ইউনিয়ন। দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও, তেতলী ও কামালবাজার ইউনিয়ন। গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও, পশ্চিম আলীরগাঁও, পশ্চিম জাফলং ও মধ্য জাফলং ইউনিয়ন। কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর (পশ্চিম) ইউনিয়ন।

অপরদিকে, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট, পুটিজুরি, সাতকাপন, সদর, লামাতাসী, মিরপুর ও ভাদেশ্বর ইউনিয়ন। শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন।

ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে সিলেট বিভাগের ২৩টি ইউনিয়নের সবকটিতে ভোট গ্রহণ হবে ইভিএমে। সেজন্য নির্বাচন কমিশন ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি নিয়ে রেখেছে।

শেয়ার করুন