১৪ আগস্ট ২০২১
শাহাব উদ্দিন শিহাব, সিডনি (অস্ট্রেলিয়া) থেকে : অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় সেখানে নতুন করে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে।
শনিবার নিউ সাউথ এয়েলস এর ডেপুটি প্রিমিয়ার জন বারিলারো টুইটারের মাধ্যমে এই লকডাউন ঘোষণা করেন।পরে অবশ্য এনএসডব্লিউ স্বাস্থ্য বিভাগ এক সরকারী আদেশে তার রাজ্যে কঠোর নিষেধাজ্ঞা বলবৎ করবার ঘোষনা দেন। শনিবার স্থানিয় সময় বিকেল ৫টা থেকে এই লকডাউন কার্যকর হয়েছে।
এছাড়া সোমবার ১৬ আগস্ট থেকে, সংক্রমণ নিয়ে উদ্বেগ আছে এমন ১২টি এলাকা সহ পুরো সিডনির বাসিন্দারা কেবল শিশুদের ব্যায়াম এবং তাদের দেখাশোনার জন্য বাইরে যেতে পারবেন। তবে কোন ধরনের বিনোদন কেন্দ্রে যেতে পারবেন না। জনস্বাস্থ্য আদেশ লঙ্ঘনের জন্য জরিমানা বাড়িয়ে ৫,০০০ ডলার করা হয়েছে। এছাড়া গ্রেটার সিডনির সকল বাসিন্দাদের জরুরি চলাচলের জন্য ১০ কিলোমিটারের সীমা কমিয়ে ৫ কি:মি: করা হয়েছে।
এছাড়া লকডাউন সফল করতে ১৬ আগস্ট সোমবার থেকে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত আরো ৫০০ কর্মী এনএসডব্লিউ পুলিশ কমপ্লায়েন্স অপারেশনে যোগ দেবে বলেও এক সরকারী আদেশে জানানো হয়েছে।
শনিবার স্থানিয় সময় রাত সাড়ে ৯টা পর্যন্ত রাজ্যে স্থানীয়ভাবে ৪৬৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এছাড়া চার জনের মৃত্যের সংবাদ দিয়েছে এনএসডাব্লিউ স্বাস্থ্য বিভাগ।
এছাড়া ভিক্টোরিয়ায় নতুন করে আরো ২১জন আক্রান্ত হয়েছেন। মেলবোর্নের চ্যাডস্টোন শপিং সেন্টারকে কোভিড -১৯ এক্সপোজার সাইট ঘোষণা করা হয়েছে। এখনে ৪৫০টিরও বেশি এক্সপোজার সাইট রয়েছে, যার মধ্যে হাইপয়েন্ট শপিং সেন্টার এবং বেশ কয়েকটি বড় অ্যাপার্টমেন্ট ব্লক করে দেয়া হয়েছে।
এছাড়া কুইন্সল্যান্ডে স্থানীয়ভাবে ৬ টি নতুন কেইস রেকর্ড করেছে যা চলতি প্রাদুর্ভাবের সাথে যুক্ত এবং তারা সংক্রামক অবস্থায় কোয়ারেন্টিনে ছিলেন। অস্ট্রেলিয়া ক্যাপিটাল ট্যারোটরি (ACT) তে একটি নতুন স্থানীয়ভাবে সনাক্ত কেস রেকর্ড করেছে, এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৭ জনে।