১৮ জুন ২০২০


বিপর্যস্ত মানুষের জন্য তহবিল সংগ্রহ করছেন দবিরুল ইসলাম চৌধুরী

শেয়ার করুন

রুম্মান আহমদ, দিরাই প্রতিনিধিঃ বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক সুনামগঞ্জের হাওর পাড়ের গর্ব পূর্ব লন্ডনের বো এলাকার বাসিন্দা দবিরুল ইসলাম চৌধুরী মে মাসে চ্যানেল এস এবং স্বজনদের নিয়ে শততম জন্মদিন পালন করেছেন। কিন্তু এই বয়সেও পুরো রমজান মাস রোজা রেখে প্রতিদিন তার বাড়ির পেছনে ৮০ মিটার বাগানে দিনে ১০০ বার চক্কর দিতেন। উদ্দেশ্য বাংলাদেশ ও ব্রিটেন সহ অন্যান্য ২৬টি দেশে করোনাভাইরাসে বিপর্যস্ত মানুষের জন্য তহবিল সংগ্রহ করা।
 
টম মুর নামে শতবর্ষী সাবেক এক ব্রিটিশ সৈনিক সম্প্রতি তার বাড়ির বাগানে হেঁটে স্বাস্থ্যকর্মীদের জন্য যেভাবে প্রায় ৩২ মিলিয়ন পাউন্ড চাঁদা তুলেছেন তা দেখে উৎসাহিত হয়েছেন দবিরুল চৌধুরী।
 
দবিরুল ইসলাম চৌধুরীর ভাতিজা যুক্তরাজ্য প্রবাসী মোসলেহ উদ্দিন চৌধুরী মিলন জানান, তার লক্ষ্য ছিল একহাজার পাউন্ড কিন্তু অসংখ্য মানুষ তার উদ্যোগে সাড়া দেয় এখন পর্যন্ত বাংলাদেশী টাকায় প্রায় দুই কোটি ৩০ লক্ষ টাকা অনুদান জমা হয়েছে। এই আর্থিক সহায়তা বাংলাদেশ সহ বিশ্বের ২৬টি দেশে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে। দবিরুল ইসলাম চৌধুরীর সুস্বাস্থ্য ও নেক হায়াতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার ভাতিজা মোসলেহ উদ্দিন চৌধুরী মিলন।
 
উল্লেখ্য, দবিরুল ইসলাম চৌধুরী’র গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ গ্রামে।

শেয়ার করুন