৩০ জুন ২০২১


সিলেটে করোনায় আরো তিন জনের মৃত্যু, শনাক্তের রেকর্ড

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। এক দিনের তুলনায় আরেক দিনে সংখ্যা বাড়ছেই। সেই সাথে থেমে নেই মৃত্যুর মিছিল। শেষ ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে আরও ২৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। যা চলতি বছরে এক দিনে করোনা শনাক্তের রেকর্ড। একই সময়ে মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও ৩ নাম। যার ২ জন সিলেট জেলার বাসিন্দা এবং একজন সুনামগঞ্জ জেলার। এ সময়ে সুস্থ হয়ে উঠেছেন মাত্র ৭৭ জন।
বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

শেষ ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে ১৫৩ জনই সিলেট জেলার বাসিন্দা। আর হবিগঞ্জের ৩১ জন, সুনামগঞ্জের ২৭ জন, মৌলভীবাজারের ২৫ জন ও এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী নতুন ২৬২ জনসহ বিভাগে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫ হাজার ৭৮২ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৭ হাজার ৪৭ জন, সুনামগঞ্জে ২ হাজার ৯৯৫ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৭৪৪ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৯৯৬ জন।

এদিকে শেষ ২৪ ঘণ্টায় করনা জয় করাদের মধ্যে সিলেট জেলার ৬৭ জন, মৌলভীবাজারের ১০জন। আর একই সাথে সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৫৭৩ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৬ হাজার ১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮২০ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ১১০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৬৪২ জন।

অপরদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত বিভাগের চার জেলা মিলে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৭১ জনে। এর মধ্যে সিলেট জেলার ৩৮৪ জন, সুনামগঞ্জের ৩৩ জন, হবিগঞ্জের ১৯ জন ও মৌলভীবাজারের ৩৫ জন।

এদিকে বুধবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের চার জেলা মিলে ৩৪৩ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ৩২৭ জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে হাসপাতালে ৭ জন চিকিৎসা নিচ্ছেন।

শেয়ার করুন