৩০ মে ২০২১
নিজস্ব প্রতিবেদক : দৈনিক বণিক বার্তা’র সিলেট ব্যুরো চিফ দেবাশীষ দেবুর চাচা ধীরাজ পালকে (৬৩) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার জুমার নামাজ চলাকালীন সিলেটের বালাগঞ্জের গহরপুর এলাকার রতরপুর গ্রামের জিবিসি ব্রিকফিল্ডে এ ঘটনা ঘটে। দিরাজ পাল ওই ব্রিকফিল্ডে ৮ বছর থেকে ম্যানেজারের দায়িত্বপালন করে আসছিলেন। তিনি দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন আলমপুর এলাকার মনিপুর গ্রামের দিতেন্ত্র কুমার পালের ছেলে।
ধীরাজ পালকে হত্যার প্রতিবাদে সিলেট বিভাগীয় অফিসের সামনে আলমপুর এলাকাবাসী ও ২৭ নং ওয়ার্ডের জনসাধারণ রোববার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত মানববন্ধন করেছেন। মানববন্ধনের একপর্যায়ে উত্তেজিত জনসাধারণ সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন। অবরোধের কবলে রাস্তার দুইদিকে শত শত গাড়ি আটকা পড়ে। অবরোধের কবলে সিলেট র্যাব এর সিও’র গাড়ি আটকে পড়লে তিনি গাড়ি থেকে নেমে আসামিকে গ্রেপ্তারের বিষয়ে অবরোধকারী এলাকার জনসাধারণকে আশস্ত করেন।
মানববন্ধনে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজম খান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন ইরান, সাধারণ সম্পাদক ছয়েফ খান, সহ-সভাপতি আব্দুল মন্নান, ওয়ার্ড যুবলীগের সভাপতি গোলজার আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সমাজসেবী নাজিম উদ্দীন, গোটাটিকর ব্রাদার্স ক্লাবের সভাপতি বাবর আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য আব্দুল হাছিব, সাবেক ছাত্রলীগ নেতা ও ব্যবসায়ী রিকন পাল, পিনাক দে পটল, নিহতের ভাতিজা দিপংকর তালুকদার টিপু, জোবায়ের আহমদ, সরোয়ার আহমদ চৌধুরী, আবদুল্লাহ মো. আদিল, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী ও এলাকার সাধারণ মানুষ।
আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সড়ক অবরোধের বিষয়ে ২৭ নং ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে একটি টিম সিলেটের ডিআইজি’র অফিসে গিয়ে অবহিত করে। সিলেট রেঞ্জের ডিআইজি সাথে সাথে এসপি, দক্ষিণের ডিসি সোহেল রেজাসহ মোগলাবাজার থানার ওসিকে দিকনির্দেশনা প্রদান করেন। ডিআইজি মফিজুর রহমানের দিকনির্দেশনায় মোগলাবাজার থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে উত্তেজিত জনতা সড়ক অবরোধ তুলে নেন।