২০ জুলাই ২০২৩


গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭ : লাশ দাফনে সহায়তা প্রদান

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট সিলেট কোম্পানীগঞ্জ মহাসড়কে মাইক্রোবাসের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অপরদিক থেকে আসা সিএনজিকে (অটোরিক্সা) চাপ দিলে দুটো গাড়িই উল্টে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি চালক সহ পাঁচজন। বৃহস্পতিবার আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট থানাধীন পিয়াইনগুল উচ্চদবিদ্যালয়ের সামনে সুন্দ্রগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,সিলেটগামী ভোলাগঞ্জ যাওয়ার পথে মাইক্রোবাসের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অপরদিক (কোম্পানীগঞ্জ) থেকে আসা সিএনজিকে (অটোরিক্সা) চাপ দিলে দুটো গাড়িই উল্টে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে সিএনজি অটোরিকশার ৫ জন ও পরে মাইক্রোবাসের চালক প্রাণ হারান। হাসপাতালে নেয়ার পথে আর একজন মারা গেলে মৃতের সংখ্যা দাঁড়ায়৭ জনে। নিহতরা হলেন- কোম্পানীগঞ্জের কালিবাড়ি গ্রামের কাজী আমির উদ্দিন (৩৯)। তিনি সিনিয়র সহকারী শিক্ষক আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও পূর্ব ইসলাম পুর ইউনিয়ন পরিষদের নিকহা রেজিস্ট্রার ও কোম্পানীগঞ্জের টুকেরবাজার ইসলামপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সিএনজি অটোরিকশা চালক কালন মিয়া (৩৬),উত্তর রণিখাই ইউনিয়নের বতুমারা গ্রামের ইদ্রিস আলী,ইসলামপুর ইউনিয়নের টোকেরগাঁও গ্রামের সুরুজ্জামানের স্ত্রী রিতা আক্তার,সুনামগঞ্জ তাহিরপুর উত্তর শ্রীপুর ইউনিয়নের বাগলী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে একব্বর আলী,সিংগাইর মানিকগঞ্জ ধল্লা ইউনিয়নের দক্ষিণ ধল্লা গ্রামের দোয়াত আলীর ছেলে আবু তাহের,কোম্পানীগঞ্জ পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের গয়াব আলীর ছেলে জালাল মিয়া।

বিষয়টি নিশ্চিত করেন গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রবাস কুমার সিংহ। তিনি জানান, মাইক্রোবাসের চাকা ব্লাস্ট হয়ে সিলেটগামী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে সিএনজি অটোরিকশার ৫জন যাত্রী নিহত হন। এদের মধ্যে ঘটনাস্থলে ৫জন ও হাসপাতালে নেয়ার পথে দুইজনের মৃত্যু হয়। অটোরিক্সায় ড্রাইভারসহ মোট ৬জন যাত্রী ছিলেন।উক্ত দুর্ঘটনায় অটোরিক্সা ড্রাইভারসহ ৪ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।হাসপাতালে যাওয়ার পথে মাইক্রোবাসের ড্রাইভার মারা যান ও অটোরিক্সার অপর ১জন যাত্রী গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।এছাড়া তিনি জানান, মাইক্রোবাস (HiAce) এ ড্রাইভারসহ মোট ১৪জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় মাইক্রোবাসের ড্রাইভার গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন। মাইক্রোবাসের অপর ১৩জন যাত্রীর মধ্যে ৪জন সামান্য আহত হয়েছেন যারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং প্রত্যেকেই ঝুকিমুক্ত আছেন। অপর ৯জন যাত্রী সম্পূর্ণ সুস্থ আছেন।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রত্যেক নিহত ব্যক্তির পরিবারকে লাশ দাফন কার্যের জন্য নগদ ২০,০০০ টাকা হারে মোট ১ লক্ষ ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শেয়ার করুন