২৩ জানুয়ারি ২০২৩
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে শিশুদের ঝগড়া নিয়ে বাগবিতণ্ডায় দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ সময় দুজনকে আটক করা হয়। আটকরা হলেন- ওই এলাকার শাহনেওয়াজ ফকিরের ছেলে মোবাশ্বির (২৮) ও ফজলু মিয়ার ছেলে সালমান (২৫)।
সোমবার উপজেলার জলসুখা গ্রামে এ ঘটনা ঘটে।
আজমিরীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের রমজান মিয়ার ছেলে তারেক (১০) ও শাহনেওয়াজ ফকিরের ছেলে তোফাশ্বিরের (৮) মধ্যে ঝগড়া হয়। তাদের মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে সোমবার সকালে রমজান মিয়া ও শাহনেওয়াজ ফকিরের পক্ষে লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৫০ জন আহত হন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সজল মিয়াকে (১৮) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।