২৪ মার্চ ২০২১
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ‘স্ট্রেইন’ শনাক্ত হওয়ার পর চলতি বছরের ৪ জানুয়ারি থেকে ২২ মার্চ পর্যন্ত মোট ২ হাজার ৮৬১ জন প্রবাসী দেশে এসেছেন। সবশেষ ২২ মার্চ যুক্তরাজ্যে থেকে সিলেটে এসেছন ১৪০ জন। দলবেধে দেশে ফিরছেন প্রবাসীরা। সরকারি নিয়ম অনুযায়ী বিলেতফেরত প্রাসীদের সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হোটেল কোয়ারান্টাইনে পাঠানো হয়। এরপর ৭ দিনের কোয়ারান্টাইন শেষে করোনা পরীক্ষার মাধ্যমে যারা নেগেটিভ হন তাদের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। আর যারা পজেটিভ হন তাদের সরকারি তত্বাবধানে আইসোলেশনে রাখা হয়।
তবে যুক্তরাজ্যফেরত প্রবাসীরা কোয়ারান্টাইন মানছে না। তারা হোটেল থেকে গোপনে চলে যাচ্ছেন বাড়িতে। কেউ কেউ হোটেল কর্তৃপক্ষকে ‘ম্যানেজ’ করে বাইরে বের হয়ে শপিং থেকে শুরু করে জরুরি কাজকর্মও সারছেন, এমনকি সম্প্রতি এক প্রবাসী কোয়ারান্টাইনে থেকেও বিয়ের অনুষ্ঠান সেরেছেন। নিয়মই না মেনে যে যার মতো করে চলাফেরা শুরু করায় সিলেটে করোনা ভাইরাসের নতুন ‘স্ট্রেইন’ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে প্রশাসন এ ব্যাপারে শক্ত নজরদারি রেখেছে। কোয়ারান্টাইন ভঙ্গ করার দায়ে ইতোমধ্যে সাতজন প্রবাসীকে জরিমানাও করা হয়েছে।
এদিকে, গেল কয়েক সাপ্তাহ ধরে হঠাৎ করে সিলেটে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েইে চলেছে। সবশেষ সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৮৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে বিভাগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৫০ জন। আর এ পর্যন্ত পুরো বিভাগে মারা গেছেন ২৮১ জন। করোনার সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রশাসনের তরফ থেকে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
জানা গেছে, সিলেটের ১০টি হোটেলে যুক্তরাজ্যফেরত প্রবাসীদের রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তদারকিও করা হচ্ছে। আর সেটির দেখভাল করছেন জেলা ও পুলিশ প্রশাসন। তবে প্রবাসীরা হোটেলে যথাযথ নিয়ম মেনে কোয়ারান্টাইন পালন করছেন না বলে অভিযোগ উঠেছে। প্রবাসীরা কোয়ারান্টাইন ছেড়ে বাইরে বের হচ্ছেন। তারা শপিং থেকে শুরু করে জরুরি কাজকর্মও সারছেন, এমনকি কোয়ারান্টাইনে থেকে বিয়েও সেরেছেন। এছাড়া, রাতের বেলা কেউ কেউ হোটেল কর্তৃপক্ষকে ম্যানেজ করে বাড়ি চলে যাওয়ার অভিযোগও রয়েছে। সম্প্রতি হোটেল থেকে বিলেতফেরত একই পরিবারের ৯ সদস্যের উধাও হওয়া ও কোয়ারান্টাইনে থেকে বিয়ের ঘটনা এসব অভিযোগের সত্যতা আরও স্পষ্ট হয়ে উঠেছে।
গত ১৮ মার্চ দুপুরে আম্বরখানাস্থ ব্রিটানিয়া হোটেলে পরিবারের ৯ সদস্য নিয়ে দুটি কক্ষে ওঠেন লন্ডনফেরত আব্দুল মালিক। গত রবিবার সকালে কাউকে কিছু না জানিয়ে পালিয়ে যান তিনি। পরে অবশ্য তাদের সঙ্গে যোগাযোগ করে জানা যায় তারা নিজ বাড়ি জকিগঞ্জে চলে গেছেন। পরে রাত পৌনে ৮ টায় তারা হোটেলে ফিরে আসেন। কোয়ারান্টাইন ভঙ্গ করায় তাদের জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। একইসঙ্গে নিয়ম ভঙ্গ করার দায়ে ব্রিটানিয়া হোটেলের সাথে চুক্তি বাতিল করেন জেলা প্রশাসন। পাশাপাশি হোটেলটিতে থাকা অন্যান্য প্রবাসীদেরকে অন্য হোটেলে স্থানান্তর করা হয়।
এদিকে গত ২০ মার্চ রাতে লামাবাজার ‘হোটেল লা-ভিস্তায় কোয়ারান্টাইন থাকা অবস্থায় লন্ডন ফেরত এক প্রবাসীর বিয়ে করার তথ্য পাওয়া গেছে। বাইরে থেকে কনে এনে বিয়ের অনুষ্ঠানও সেরেছেন তারা। এ ঘটনায় সিলেটজুড়ে তোলপাড় শুরু হয়েছে।
জানা যায়, গত ১৮ মার্চ লন্ডন থেকে সিলেটে আসা যাত্রীদের মধ্যে ১১ জনকে সিলেটের লামাবাজারস্থ হোটেল লা-ভিস্তায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। এদের মধ্যে দুইজন হলেন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাঙ্গাইল এলাকার বাসিন্দা এক নারী (৪৮) ও তার ছেলে (২৮)। হোটেলের ৪০১ নম্বর ও ৪০৬ নম্বর কক্ষ ভাড়া নেন তারা। কোয়ারেন্টাইন পালন অবস্থায় ২০ মার্চ রাতে ওই হোটেলে ঘটা করে বিয়ে করলেন যুক্তরাজ্য প্রবাসী ওই যুবক। বাইরে থেকে বিয়ের অনুষ্ঠানে যোগ দেন উভয় পক্ষের আরও প্রায় ৫০ জন মানুষ।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ভূরিভোজও হয় হোটেলের রেস্টুরেন্টে। শুধু তাই নয়, ছেলের বিয়ে উপলক্ষে বাইরে বের হয়ে নগরীর বিভিন্ন বিপণীবিতান থেকে কেনাকাটাও করেছেন কোয়ারান্টাইনে থাকা যুক্তরাজ্য প্রবাসী যুবকের মা। বিনিময় হোটেল কর্তৃপক্ষ আর্থিক সুবিধা আদায় করেছেন বলেও অভিযোগ রয়েছে। এছাড়াও অভিযোগ আছে নগরীর অধিকাংশ হোটেলের বিরুদ্ধে। এসব হোটেলে অবস্থানরত প্রবাসীরা হোটেল কর্তৃপক্ষকে ‘ম্যানেজ’ করে বের হন বাইরে। স্বজনদের সাথে দেখা করেন। ইচ্ছা হলে কেনাকাটাও করেন। যার পুরোটাই হয় হোটেল কর্তৃপক্ষের যোগসাজশে।
এ ব্যাপারে সহকারী কমিশনার (সাধারণ শাখা কেভিড-১৯ সেল ও মিডিয়া) শাম্মা লাবিবা অর্ণব, বলেন, ‘আমরা এসব বিষয়ে কঠোর হচ্ছি। যরাই কোয়ারান্টাইন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধেও আমরা অ্যকশনে যাবো। প্রয়োজনে তাদের সাথে চুক্তি বাতিল করা হবে।’
সিলেটের সিভিল সার্জন প্রোনন্দ মন্ডল বলেনন, ‘হোটেলে প্রাসীরা কোয়ারেন্টিন পালন করছেন কী না সেটি নিশ্চিত করবে হোটেল কর্তৃপক্ষ ও প্রশাসন। করোনা টেস্টের ফলাফল আসার পূর্ব পর্যন্ত কোনো প্রবাসীর বাইরে বের হওয়ার নিয়ম নেই। কোয়ারান্টাইন যাতে কঠোরভাবে পালন করা হয় সে বিষয়টি নিশ্চিত করার কথাও জানান তিনি।’
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (মিডিয়া) বিএম আশরাফউল্লাহ তাহের বলেন, ‘প্রবাসীরা কীভাবে হোটেল ছেড়ে বাইরে যায় সেটি খতিয়ে দেখা হচ্ছে। এসব বিষয়ে পুলিশের কোনোও গাফিলাতি থাকলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।’