১৭ মার্চ ২০২১
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : প্রত্যন্ত হাওরাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন গ্রামের মানুষজন এমনিতেই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। হাওর এলাকায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক চালু করা হলেও এগুলোর সেবা নিয়েও ব্যাপক অভিযোগ রয়েছে।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মুজরাই কমিউনিটি ক্লিনিকটি তো তালাবদ্ধ অবস্থায় আছে বছরের পর বছর ধরে। ফলে এর আশপাশের মানুষ জন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে প্রত্যন্ত এই হাওরাঞ্চলের ক্লিনিক সংলগ্ন গ্রামের গর্ভবতী নারীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
কমিউনিটি ক্লিনিকটির অবস্থান তাহিরপুর উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়ন টাঙ্গুয়ার হাওর এলাকার পাটলাই নদীর পাড়ে। গত ৭ বছরের বেশি সময় ধরে এটি তালাবদ্ধ অবস্থায় আছে। ফলে টাঙ্গুয়ার হাওর পাড়ের জয়পুর,ছিলানী তাহিরপুর, ইসলামপুর, জয়পুর নতুনহাটি, গোলাবাড়ি, শ্রীয়ারগাও, মন্দিয়াতা, মইয়াজুরি, কামালপুর, মন্দিয়াতা কান্দাহাটি ও মুজরাইসহ ১২টি গ্রামের হাজার হাজার শিশু, বৃদ্ধা, গর্ভবতী নারীরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
জানা যায়, হাওর পাড়ের মানুষের স্বাস্থ্যসেবার স্বার্থে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মুজরাই গ্রামের রমেন্দ্র বর্মণ নামের এক শ্রমজীবী ব্যক্তি কমিউনিটি ক্লিনিক নির্মাণের জন্য ভূমি দান করেন। দানকৃত ভূমিতে এই ক্লিনিক নির্মাণ করা হয়। প্রায় ৭বছর পূর্বে ২০১৮সালে ক্লিনিকের নির্মাণ কাজ শেষ হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও ঠিকাদারের অনিয়মের কারণে বৃষ্টি হলেই ক্লিনিকের ছাদ দিয়ে পানি পড়ে। এছাড়াও নির্মাণের পর থেকেই ভবনটি ঝুঁকিপূর্ণ। এরপর ২০১৯সালে হেলথ ওয়াস (ইরা) প্রকল্প তাহিরপুর এর মাধ্যমে পুনরায় ভবনের কাজ সমাপ্ত করা হলেও এখন চালু হয়নি স্বাস্থ্যসেবা।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতির কারণে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কমিউনিটি ক্লিনিকে দায়সারা ভাবে নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলেই নেয়নি। ফলে ছাদ দিয়ে পানি পরে বৃষ্টি হলে আর ক্লিনিকটির অবস্থা ঝুঁকিপূর্ণ। এরপর তিন বছর পূর্বে ইরা হেলথ ওয়াস প্রকল্পের মাধ্যমে পুনরায় এ ক্লিনিকের নির্মাণ কাজ করা হলেও চালু করার যেন কেউ নেই।
ক্লিনিকের পার্শ্ববর্তী মন্দিয়াতা গ্রামের বাসিন্দা শফিক মিয়া ক্ষোভের সাথে বলেন, আমাদের এই প্রত্যন্ত হাওরাঞ্চলে ক্লিনিক নির্মাণ হলেও আজ চালু হয়নি স্বাস্থ্যসেবা। ফলে অসহায় হাওর পাড়ের মানুষ জন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ক্লিনিকটিতে দ্রুত চিকিৎসা সেবা চালু করার প্রয়োজন।
জয়পুর গ্রামের বাসিন্দা আমিনা বেগম বলেন, বছরের পর বছর ধরে আমরা চিকিৎসা সেবা ও বিনামূল্যে সরকারি ওষুধ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছি মুজরাই কমিউনিটি ক্লিনিকটি বন্ধ থাকায়। চিকিৎসা সেবা পেতে হলে বাজারের হাতুড়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে থাকি। ফলে একে ত অর্থের অপচয় অন্য দিকে অপচিকিৎসা শিকার হতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকবাল হোসেন জানান, খুব দ্রুতই মুজরাই কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করার জন্য আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণ সিন্ধু চৌধুরী বাবুল বলেন, এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলব। যাতে খুব দ্রুত সময়ের মধ্যে ঐ ক্লিনিকে হাওর পাড়ের মানুষের স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু হয়।