৬ জানুয়ারি ২০২৩
ডেস্ক রিপোর্ট : জাতীয় পার্টি পূণগঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ বলেছেন, এরশাদের জীবন যারা কঠিন করে দিয়েছে, আল্লাহর কসম আমি তাদের জীবন আরো কঠিন করে দেব।আমার শক্তি আপনারা, আপনাদের সাথে নিয়ে আমি জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়া হাতে নিয়েছি। জাতীয় পার্টিকে আমি ছিনিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। যেদিন এরশাদের চেয়ারে এরিক এরশাদ বসবে সেই দিনটির অপেক্ষায় আমি আছি। ঢাকা পল্টনের অফিস, বনানী অফিস, সিলেটের অফিস, চিটাগাং এর অফিস রাজশাহী ও রংপুরের অফিসে হোসেন মোহাম্মদ এরশাদ এর চেয়ারে এরিক এরশাদ বসবে। যারা এখনো আমাদের কে ছেড়ে যাননি, যারা এখনো আমাদের সাথে আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদিশা এরশাদ।
শুক্রবার সকালে সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে আগামী নির্বাচন ২০২৪ সামনে রেখে জাতীয় পার্টি সিলেট বিভাগীয় কর্মী সমাবেশ ও সম্মেলন প্রস্তুতি সভা তিনি এ কথা বলেন।
জাতীয় পার্টির (পুনর্গঠন প্রক্রিয়ার) সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এমএ সালেহ আহমদ চৌধুরীর সভাপতিত্বে কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ, কো-চেয়ারম্যান দেওয়াল কুমার বড়ুয়া, বিদিশা এরশাদের রাজনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) তানবির ইকবাল, যুগ্ম-মহাসচিব মেজর (অব.) সিকদার আনিসুর রহমান, পীরজাদা সৈয়দ জুবায়ের আহমদ, মেজর (অব.) শিবলী মো. সাদিক, জাফর ইকবাল নিরব, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাফিস মাহবুব প্রমুখ।
এর আগে বিদিশা এরশাদ বিভাগীয় কর্মী সমাবেশ শেষে হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র পরবর্তীতে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে ২০২৪ সালের নির্বাচনী কার্যক্রম এর শুভ সূচনা করেন।