৭ ফেব্রুয়ারি ২০২১
ডেস্ক রিপোর্ট : সারাদেশের মতো সিলেটেও করোনা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকাল ১১ টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত কেন্দ্রের ১০, ১১ ও ৪ নং বুথে তিনজনের টিকাদানের মাধ্যমে সিলেটে ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু হয়।
টিকা নেয়া প্রথম তিনজন হলেন- সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি, সিটি কাউন্সিলর তৌফিক বক্স লিপন ও সাংবাদিকদের মধ্যে জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ।
সিলেট সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, নগরীর পুলিশ লাইনস হাসপাতাল ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে নিবন্ধিত ঠিকা গ্রহণকারীদের মধ্যে ৭ শতাধিক মানুষ ফিরতি এসএমএস পেয়েছেন। প্রথম দিনে তারাই করোনা টিকা গ্রহন করবেন।
সোমবার থেকে প্রতিদিন সকাল ৯ টা থেকে ৩টা পর্যন্ত বিরামহীনভাবে দুটি কেন্দ্রে টিকাদান চলবে। এছাড়া এই দুটি কেন্দ্রে দিনে অন্তত ১৮০০ জনের টিকা গ্রহনের সক্ষমতা রয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন।
এর আগে ভার্চুয়াল বক্তব্যের মাধ্যমে সিলেটে টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি সিলেটে করোনা টিকা এসে পৌঁছায়। সিলেটে আসা ২৩ কাটুন করোনা টিকার মধ্যে ১৯ কাটুন নিয়মিত আর ৪ কাটুন অতিরিক্ত হিসেবে আনা হয়েছে। প্রতিটি কাটুনে ১২০০ ভায়েল করে করোনার ডোজ থাকে। আর প্রতি ডায়েলে রয়েছে ১০ ডোজ করে করোনা টিকা। সেই হিসেবে দুই লাখ ২ লাখ ২৮ হাজার করোনা টিকা এসেছে। আর অতিরিক্ত হিসেবে এসেছে আরও ৪৮ হাজার ডোজ টিকা।