১৬ আগস্ট ২০২১
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে করোনা টিকা দেয়া বন্ধ হয়েছে! টিকা সংকটের কারণে রোববার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রম বন্ধ রয়েছে। তবে কবে থেকে আবার চালু হবে টিকা দেয়া কার্যক্রম তা সঠিকভাবে বলতে পারছে না সংশ্লিষ্টরা। ফলে টিকাপ্রত্যাশীরা হতাশ হয়ে পড়েছেন। অনেকে হাসপাতালে এসে টিকা না নিয়ে ফিরে যাচ্ছেন।
জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেয়া কার্যক্রম শুরুর পর টিকা নিতে লোকজন হুমড়ি খেয়ে পড়েন। প্রতিদিন শত শত টিকাপ্রত্যাশী লোকজন ছুটে আসেন হাসপাতালে। ফলে হাসপাতাল কর্তৃপক্ষ অনেকটা টালমাটাল অবস্থায় পড়েন।
হাসপাতালের ভেতরে কয়েকটি বুথে প্রায় ১৬ হাজার লোকজনের টিকা দেয়া হয়। কিন্তু পরিস্থিতি সামাল দিতে না পারায় উপজেলার ১১টি ইউনিয়ন তথা পৌর এলাকায় ভাগ করে দেয়া হচ্ছে টিকা।
টিকার পরিমাণ থেকে লোকজন বেশি হওয়ায় বেকায়দার মধ্যে পড়েন হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে মাঝেমধ্যে ঝামেলা হচ্ছে টিকাপ্রত্যাশীদের সঙ্গে সংশ্লিষ্ট কর্মচারীদের। এমন পরিস্থিতিতে রোববার থেকে বন্ধ করে দেয়া হচ্ছে টিকা দেয়া কার্যক্রম।
এদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফেসবুক পেইজে এ ঘোষণা দেয়া হয়। হঠাৎ করে এ ঘোষণা দেয়ার ফলে বেকায়দার মধ্যে পড়েন লোকজন। দূর-দূরান্ত এলাকা থেকে লোকজন হাসপাতালে এসে টিকা না নিয়ে ফিরে যাচ্ছেন। পুনরায় কবে থেকে টিকা দেয়া শুরু হবে তা কেউ বলতে পারছেন না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহিনুর ইসলাম বলেন, হাসপাতালে টিকা নেই। টিকা এলে ফের দেয়া শুরু হবে। তবে করে আসবে তা সঠিক করে বলা যাচ্ছে না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছেন বলে জানান তিনি।