১৫ ডিসেম্বর ২০২০


বিজয় দিবসের কর্মসূচীতে মুখোমুখি বিএনপি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : গ্রুপিং, কোন্দল আর বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছেনা সিলেট বিএনপির। সবশেষ মহান বিজয় দিবসের কর্মসূচী পালন নিয়েও বিভক্ত হয়ে পড়েছে দলটি। সিলেট জেলা ও মহানগর বিএনপি নগরীর রেজিষ্ট্রারী মাঠ থেকে বিজয় শোভাযাত্রার আয়োজন করলেও দলটির নির্বাহী কমিটির সদস্য ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী একই সময়ে কুমারপাড়া মালঞ্চ কমিউনিটি সেন্টার থেকে বিজয় শোভাযাত্রার আয়োজন করছেন। এনিয়ে এখন মুখোমুখি অবস্থানে রয়েছে সিলেট বিএনপি।

দলীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টায় সিলেট জেলা ও মহানগর বিএনপি নগরীর রেজিষ্ট্রারী মাঠ থেকে বিজয় শোভাযাত্রা সহকারে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

অন্যদিকে, একই সময়ে নগরীর মালঞ্চ কমিউনটি সেন্টার থেকে একটি বিজয় শোভাযাত্রা করার জন্য আয়োজন করছেন সিসিক মেয়র ও দলটির নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী। ইতিমধ্যে শ্রমিকদলসহ তার অনুসারীদের নিয়ে বিজয় শোভাযাত্রার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

সিলেট মহানগর শ্রমিকদলের সভাপতি মোঃ ইউনুস মিয়া বিষয়টি নিশ্চিত করে আজকের সিলেটকে বলেন, মালঞ্চ কমিউনিটি সেন্টারে মেয়র আরিফুল হক চৌধুরী শোভাযাত্রার আয়োজন করেছেন। আমাদেরকে উভয়পক্ষ থেকে দাওয়াত দেয়া হয়েছে, আমরা এখনো কোন সিদ্ধান্ত নেইনি। তবে মেয়র যেহেতু সব সময় আমাদের খোজখবর নেন তাই আমরাদের মেয়রের কর্মসূচীতে যাওয়রই সম্ভাবনা রয়েছে।

সিলেট মহানগর বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী আজকের সিলেটকে বলেন, আগামীকাল রেজিষ্ট্রারী মাঠ থেকে জেলা ও মহানগর বিএনপির সস্মেলিত কর্মসূচী রয়েছে। এই কর্মসূচী সফল করার জন্য দলের সর্বস্থরের নেতাকর্মীদের প্রতি আহবান জানাই।

সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার আজকের সিলেটকে বলেন, সিলেট জেলা ও মহানগরের সকল অঙ্গ ও সহযোগী সংগঠন সকাল ১১টায় রেজিষ্ট্রারী মাঠে গণজমায়েত হয়ে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব। অন্যকেউ যদি অন্য কোথাও আলাদা কর্মসূচী পালন করেন তবে তার সাথে দলের কোন সম্পর্ক নেই, এটি তাদের একান্তই নিজস্ব বিষয়। দলের এই দু:সময়ে যারা বিবেদ সৃস্টি করছে তারা সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন আজকের সিলেটকে বলেন, রেজিষ্ট্রারী মাঠে জেলা ও মহানগর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে কর্মসূচী পালিত হবে। কেউ যদি অন্য কোথাও আলাদা কোন কর্মসূচী করেন তবে এটি তার একান্তই ব্যক্তিগত।

তবে সার্বিক বিষয়ে কথা বলতে সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে একাধিকবার যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি। এমনকি ক্ষুদে বার্তা দিয়েও সাড়া পাওয়া যানি।

শেয়ার করুন