২৮ জানুয়ারি ২০২১


প্রবাসীদের ভুয়া করােনার রিপাের্ট দিল সীমান্তিক!

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটে করােনা পজেটিভের ভুয়া রিপাের্ট দিয়ে ২৫ জন যুক্তরাজ্য প্রবাসীকে হয়রানি করার অভিযােগ উঠেছে। সােমবার এনজিও সংস্থা সীমান্তিকের ল্যাবে তাদের নমুনা পরীক্ষার পর সংশ্লিষ্টরা পজেটিভ রিপাের্ট দিলে তাদের খাদিমপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। অথচ এর একদিন পরই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ঢাকায় পুনঃপরীক্ষায় তাদের করোনা শনাক্তকরণ পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। বৃহস্পতিবার এ সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমকর্মীরা সীমান্তিক কার্যালয়ে গেলে তাদের সঙ্গে অসদাচরণ করে সংশ্লিষ্টরা।

গত ২১ জানুয়ারি যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে সিলেটে আসেন ১৫৭ জন প্রবাসী। রােববার তাদের নমুনা সংগ্রহ করে সীমান্তিকের ল্যাবে পরীক্ষা করা হলে ২৮ জন করোনা আক্রান্ত বলে জানানাে হয়। এ ২৮ জনের নমুনা মঙ্গলবার দ্বিতীয় দফা ও বুধবার ঢাকায় তৃতীয় দফা পরীক্ষা করা হয়। এই দু’স্থানেই ২৫ জনের নেগেটিভ আসে। ফলে সীমান্তিকের ল্যাবে করােনা পরীক্ষা নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, করােনার মতাে প্রাণঘাতী একটি রােগের পরীক্ষা নিয়ে সীমান্তিকের এ ধরণের ভুয়া রিপাের্ট কখনাে কাম্য নয়। এই ২৫ জনের মতাে আরাে অনেককে এমন রিপাের্ট দেয়া হতে পারে। বৃহস্পতিবার এ সংক্রান্ত তথ্য জানতে গণমাধ্যমকর্মীরা সীমান্তিকের অফিসে গেলে কর্তব্যরত হিসাবরক্ষণ কর্মকর্তার নেতৃত্বে কয়েকজন লােক তাদের ওপর চড়াও হয়।

বিষয়টি নিয়ে জনাতে চাইলে এনজিও সংস্থা সীমান্তিকের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ বলেন, কেন কি কারণে এমনটি হয়েছে সেটা রােগতত্ত্ব বিভাগ খতিয়ে দেখছে। আর সাংবাদিকদের সঙ্গে অসদাচরণে তিনি দু:খ প্রকাশ করে বলেন, স্টাফরা তাদের চিনতে পারেনি। আর ঘটনার সময় সিনিয়র কেউ ছিলেন না।

শেয়ার করুন