৮ অক্টোবর ২০২০


অস্ত্র মামলায় তিন দিনের রিমান্ডে সাইফুর

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে ধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে এবার অস্ত্র মামলায় রিমান্ডে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সাইফুরকে অস্ত্র মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। পরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক শুনানি শেষে সাইফুরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এসএমপির সিনিয়র সহকরী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) অমূল কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সূত্র জানায়, গত ২৫ সেপ্টেম্বর রাতে এমসি কলেজের ছাত্রাবাসে সাইফুর রহমানের দখলে থাকা কক্ষ থেকে পুলিশ একটি পাইপগান, চারটি রামদা, দুটি চাপাতি ও একটি ছোরা উদ্ধার করে।

উল্লেখ্য, ২৫ সেপ্টেম্বর এমসি কলেজে ঘুরতে আসা এক দম্পতিকে আটক করে জোর করে ছাত্রাবাসে তুলে আনে ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর স্বামীকে বেঁধে মারধর করে ওই তরুণীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে সাইফুরসহ অন্যরা। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী ওইদিন (শুক্রবার) রাতে বাদী হয়ে শাহপরাণ থানায় মামলা করেছেন। মামলায় এজাহার নামীয় আসামি করা হয়েছে ছয় জনকে। সেই সঙ্গে অজ্ঞাতনামা আরও দুই-তিন জনকে আসামি করা হয়। আসামিরা হলো এম. সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেক আহমদ, অর্জুন লস্কর, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান। তারা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। আসামিদের মধ্যে তারেক ও রবিউল বহিরাগত, বাকিরা এমসি কলেজের ছাত্র। ২৭ সেপ্টেম্বর সুনামগঞ্জের ছাতক থেকে সাইফুরকে গ্রেফতার করে পুলিশ।

শেয়ার করুন