১২ মে ২০২৩
শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষেধ। অনেক সময় শিক্ষার্থীদের সাথে বহিরাগতরাও ক্যাম্পাসে আড্ডা দেয়। তাই কারো ব্যাপারে সন্দেহ হলে তাকে বা তাদের নাম পরিচয় ইত্যাদি জিজ্ঞাসা করা হয়। তবে কোনো শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে উঠিয়ে দেয়া হয় না বলে দাবি করেছেন প্রক্টরিয়াল বডির সদস্যরা।
বৃহস্পতিবার বিকালে প্রক্টর অফিসে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে এ দাবি করেন প্রক্টরিয়াল বডির সদস্যরা।
মতবিনিময়কালে সদস্য’রা বলেন, ক্যাম্পাসকে সুশৃঙ্খল রাখতে প্রক্টরিয়াল বডির সদস্যরা কাজ করে যাচ্ছেন। ক্যাম্পাসে অনেকে মাদকসেবন ও অনৈতিক কাজ করে থাকেন। শিক্ষার্থীদের এ ধরনের কাজ থেকে দূরে রাখতে প্রক্টরিয়াল টিম সবসময় কাজ করে যাচ্ছে। এমন কি রাতে টহল দিচ্ছেন তারা। কাউকে সন্দেহ হলে সেক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করা হয়।
এছাড়া আবাসিক হলে থাকা ছাত্রীদেরকে রাত ১০টার ভেতর প্রবেশ করার আহ্বান জানিয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা বলেন, অনেক ছাত্রী রাত ১০টার পরেও অপ্রয়োজনে ক্যাম্পাসে অবস্থান করেন। তখন তাদেরকে নির্দিষ্ট সময়ে হলে ঢুকার জন্য সুন্দরভাবে বুঝিয়া বলা হয়।
সমাপনী বক্তব্যে প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, শাবিপ্রবি’তে শৃঙ্খলা বজায় রাখতে ও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে প্রক্টরিয়াল বডির সদস্যরা কাজ করে যাচ্ছেন। এতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও প্রেসক্লাবের সাংবাদিকরা সহযোগিতা করে আসছেন। বিগত দিনগুলোতে সাংবাদিকরা যেভাবে সহযোগিতা করে আসছেন আশা করি সামনের দিনগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সহকারী প্রক্টর ড. আহসান হাবীব, ড. মো. মিজানুর রহমান, এ কে এম আশিকুজ্জামান, মো. সাজ্জাদুর রহমান, জাহিদ হাসান সৌরভ, ড. মির্জা নাজমুল হাসান, মোহাম্মদ কামরুজ্জামান খান প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।