৯ জুলাই ২০২০
নিজস্ব প্রতিবেদক, বালাগঞ্জ : বালাগঞ্জে আমির আলী(২৪) নামে নারী নির্যাতন মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার বোয়ালজুর ইউনিয়নের অন্তর্গত নশিরপুর গ্রামের মৃত খুরশেদ আলী পুত্র।
বৃহষ্পতিবার সকালে বালাগঞ্জ থানার এসআই অপু কুমার ও এসআই সুকোমল ভট্টাচার্য্যের নেতৃত্বে একদল পুলিশ সিলেট নগরীর একটি এলাকা থেকে বিশেষ কৌশলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মামলার তদন্ত কর্মকর্তা ও বালাগঞ্জ থানার এসআই অপু কুমার বিয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিররণে জানা যায়, গত ২৭ মে রাত সাড়ে ৯টার দিকে বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের নশিরপুর গ্রামে যৌতুকের দাবীতে দাম্পত্য কলহের জেরে অভিযুক্ত আমির আলী ও তার মা সায়েদা বেগম, বোন পারভীন বেগম, সালমা বেগম, রিবা বেগম, ভাই জমির আলী সম্মিলিতভাবে মধ্যযুগীয় বর্বরতায় তার স্ত্রী তাছলিমা আক্তার সাথিকে (২৬) নির্যাতন করে গায়ে আগুন লাগিয়ে দেয়। এতে ভিকটিমের ডান পা ঝলসে যায়। পরে তাছলিমা আক্তার বাড়ির পাশের পুকুরে ঝাপ দিয়া প্রাণ বাঁচায়। পরে স্থানীয়রা ভিকটিম তাছলিমাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় ভিকটিম তাছলিমা আক্তারের পিতা মোহাম্মদ আবুল কাশেম বাদী হয়ে বালাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার নাম্বার ১১/২৭।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান বলেন, বালাগঞ্জ থানায় সংঘটিত যে কোন ফৌজদারি অপরাধে জড়িত আসামীদের দ্রুততম সময়ে গ্রেফতারে লক্ষ্যে বালাগঞ্জ থানার অফিসার ফোর্সের সমন্বয়ে বিশেষ অভিযান চলমান আছে। এ সংক্রান্তে তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।