৯ সেপ্টেম্বর ২০২৩
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার খাসিমারা সেতুর নির্মাণ কাজ মাঝ পথে এসে থমকে আছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন উপজেলার সুরমা ও লক্ষীপুর, এই দুই ইউনিয়নের অর্ধ লক্ষাধিক মানুষ।
স্থানীয়রা জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের ঐকান্তিক প্রচেষ্টায় অনুমোদন পায় বহুল প্রত্যাশিত খাসিয়ামারা সেতু। পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ৫শ’ মিটার চেইনেজে ৭৫ মিটার পিসি গার্ডারের ওই সেতুর নির্মাণবরাদ্দ ধরা হয় ৪ কোটি ২৬ লাখ ৯৪ হাজার টাকা। এরপর ২০২২ সালের ২ ফেব্রুয়ারি উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর-টেংরাটিলা খেয়াঘাটে খাসিয়ামারা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি মানিক। পরে টানা কয়েক মাস পর সেতুর পিলারের চলমান নির্মাণকাজ থমকে যায় গত আটমাস ধরে।
আলীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির বলেন, ‘আগামি সংসদ নির্বাচনের আগেই সেতুর নির্মাণ কাজ শেষ করার কথা। কিন্তু ঠিকাদারের খামখেয়ালিতে নির্মাণকাজ বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। দ্রুত সেতুর নির্মাণকাজ শুরু করার দাবি জানাই।’
নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ মশিউর রহমান বলেন, ‘এখন নদীতে প্রবল স্রোত, সেতুর কাজ শেষ না হওয়ায় কোমলমতি শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে খেয়া পারাপার হচ্ছে।’
খাসিয়ামারা সেতুর কাজ বন্ধ থাকার বিষয়ে ঠিকাদার শংকর কুমার দেবের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ইচ্ছে করেই কাজ বন্ধ রেখেছি। এই সেতুর কাজে আমাকে লোকসান গুণতে হচ্ছে। রড সিমেন্টের দাম বৃদ্ধি ছাড়াও সড়কপথে মালামাল পরিবহনে ব্যয় বেশি। সপ্তাহ নাগাদ নদীপথে মালামাল এনে সেতুর কাজ শুরু করব।’
এব্যাপারে যোগাযোগ করা হলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দোয়ারাবাজার উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ বলেন, ‘খাসিয়ামারা সেতুর নির্মাণ কাজ দ্রুত শুরু করার জন্য ঠিকাদারের সাথে কথা বলেছি। এব্যাপারে এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবং স্থানীয় সংসদ সদস্য মহোদয়ের সাথেও কথা হয়েছে। আশা করি খুব শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে।’