৪ এপ্রিল ২০২০
নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসের নানা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় এক ব্যক্তি নগরীর শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন। আইসোলেশনে আছেন আরো একজন। আরো একজন ভর্তি আছেন হবিগঞ্জ হাসপাতালে।
শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সন্ধ্যায় নতুন আরেক রোগীকে হাসপাতাল আইসোলেশনে রাখা হয়েছে। শনিবার তার রক্তের নমুনা পরীক্ষা করার জন্য ঢাকায় আইইডিসিআরে পাঠানো হবে।
তিনি বলেন, হাসপাতালে দু’জন ভর্তি ছিলেন। শুক্রবার একজন পুরুষের রক্ত পরীক্ষার রিপোর্ট ঢাকা থেকে হাতে এসে পৌঁছায়। রেজাল্ট নেগেটিভ আসায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আর নতুন করে একজন করোনা সন্দেহে হাসপাতালের আইসোলেশনে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক আনিসুর রহমান বলেন, হবিগঞ্জ জেলা হাসপাতালের আইসোলেশনে একজন ভর্তি হয়েছেন। এ পর্যন্ত নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসায় সিলেটে আইসোলেশন থেকে মোট ২৩ জন ছাড়পত্র পেয়েছেন।