২৫ নভেম্বর ২০২৩
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাতগাঁও চা বাগানের সহকারী ব্যবস্থাপক আব্দুল মতিনের বাংলোতে ডাকাতির ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৩ নভেম্বর দিনব্যাপী কুমিল্লা জেলার কোতায়ালী থানা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় বাগানের বাংলো থেকে লুট হওয়া স্বর্ণালংকার, নগদ টাকা এবং অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তরকৃতরা হলেন, সবুজ মিয়া (৪৭), বশির আহমদ (৩৫), সফিক উদ্দিন (৪০) এবং মিঠুন দাস (২৫)।
শুক্রবার (২৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার (এসপি) মো. মনজুর রহমান পিপিএম বার বলেন, ডাকাতির খবর পাওয়া মাত্রই শ্রীমঙ্গল থানা পুলিশ মাঠে কাজ শুরু করে। ডাকাতির ঘটনার রহস্য উদ্ঘাটন, অভিযুক্তদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চালানো হয়।
পরে ২৩ নভেম্বর দিনব্যাপী পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের জিজ্ঞাসাবাদ করা হলে তারা ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন বলেও জানিয়েছেন পুলিশ সুপার মনজুর রহমান। এ সময় বাগানের বাংলো থেকে লুট হওয়া স্বর্ণালংকার, নগদ টাকা এবং অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর রাত দেড়টা থেকে ৩টা পর্যন্ত মুখোশ পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একটি ডাকাতদল সাতগাঁও চা বাগানের সহকারী ব্যবস্থাপক আব্দুল মতিনের বাংলোতে প্রবেশ করেন। আব্দুল মতিন এবং তার স্ত্রী ও অন্য সদস্যদের হাত-পা বেঁধে পাঁচ ভরি স্বর্ণালংকার, নগদ ৮০ হাজার টাকা, মোবাইল এবং অন্যান্য মালামাল লুট করেন ডাকাতরা। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি ডাকাতি মামলা রুজু হয়।