১২ মার্চ ২০২০


বিশ্বনাথে বৃদ্ধের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

শেয়ার করুন

বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ উপজেলায় নিখোঁজ হওয়া চারদিন পর যতিন্দ্র কুমার দাস (৬০) নামের এক বৃদ্ধের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দাসপাড়া গ্রামের মৃত হরেন্দ্র কুমার দাসের ছেলে। পুলিশের ধারণা হাত-পা বেঁধে শ্বাসরোধ করে ওই বৃদ্ধকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার বাসিয়া নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে বিশ্বনাথ থানা পুলিশ।

নিহতের পরিবার জানায়, গত ৮ মার্চ রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পার্শ্ববর্তী বাসিয়া নদী পাড়ে যাবার কথা বলে নিখোঁজ হন যতিন্দ্র কুমার দাস। চারদিন খোঁজাখুজির পর বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন বাসিয়া নদীর পানিতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদহে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠায়।

বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুস্কৃতিকারীরা যতিন্দ্র কুমারের হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে আমাদের ধারণা। এছাড়াও ধারণা করছি, মরদেহ গুম করার উদ্দেশ্যে মাটির বস্তা লাশের গলা ও পায়ে রশি দিয়ে বেঁধে নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা।

শেয়ার করুন