২ অক্টোবর ২০২২


মাধবপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

শেয়ার করুন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন সুমন গোস্বামী (৩০) ও মোহন বনিক (২৫)। তাদের মধ্যে নিহত সুমন হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের শ্রী গুরু চৈতন্য সংঘের প্রতিষ্ঠাতা ভারতীয় উপমহাদেশের অন্যতম ধর্মযাজক দেবব্রত গোস্বামীর ভাতিজা ও স্বপন গোস্বামীর ছেলে এবং নিহত মোহন মাধবপুর বাজারের গৌরাঙ্গ বনিকের ছেলে।

রোববার সকালে মাধবপুর পৌরশহরের অদূরে শশই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় এতে আহত হয়েছেন আরও চারজন। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, আদাঐর গ্রামের সনাতন ধর্মের পন্ডিত সুমন গোস্বামী তার সহযোগী মোহন বনিককে নিয়ে সকালে মাধবপুর বাসস্ট্যান্ড থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে আখাউড়া শুল্ক বন্দর দিয়ে ভারতের আগরতলায় যাওয়ার উদ্দেশে রওয়ানা হন। সেখানে গিয়ে তাদের পূজা উদযাপন করার কথা ছিল। তাদের বহনকারী অটোরিকশাটি ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর পৌরশহরের অদূরে শশই এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে সুমন গোস্বামী ও মোহন বনিক নিহত হন।

এদিকে, সুমন গোস্বামীর মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে হাজার হাজার ভক্ত ও অনুরাগীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হাইওয়ে থানার ওসি সুখেন্দ্র বসু বিষয়টি নিশ্চিত করে জানান, দুজনের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক ও দুর্ঘটনার শিকার অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

শেয়ার করুন