২০ ফেব্রুয়ারি ২০২০
ডেস্ক রিপোর্টস : ২০ ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানের মাঝে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘একুশে পদক-২০২০’ প্রদান করা হয়েছে। এসময় মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বঙ্গবন্ধুর স্নেহধন্য, মৌলভীবাজারের কুলাউড়ার সাবেক সাংসদ মরহুম আব্দুল জব্বার একুশে পদক পেয়েছেন।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে দেশের দ্বিতীয় সর্বোচ্চ এই বেসরকারি সম্মাননাপদক প্রাপক এবং তাদের পক্ষের লোকজনের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আব্দুল জব্বার ছাড়াও এবার যারা একুশে পদক পেলেন তারা হচ্ছেন- ভাষা আন্দোলনে আমিনুল ইসলাম বাদশা , শিল্পকলায় বেগম ডালিয়া নওশিন, শঙ্কর রায় ও মিতা হক, শিল্পকলায় মো. গোলাম মোস্তফা খান, শিল্পকলায় এম এম মহসীন, শিল্পকলায় অধ্যাপক শিল্পী ড. ফরিদা জামান, মুক্তিযুদ্ধে হাজি আক্তার সরদার, আব্দুল জব্বার , ডা. আ আ ম মেসবাহুল হক , সাংবাদিকতায় জাফর ওয়াজেদ, গবেষণায় ড. জাহাঙ্গীর আলম, হাফেজ কারী আল্লামা সৈয়দ মোহাম্মদ ছাইফুর রহমান নিজামী শাহ, শিায় অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, অর্থনীতিতে অধ্যাপক ড. শামসুল আলম, সমাজসেবায় সুফি মোহাম্মদ মিজানুর রহমান, ভাষা ও সাহিত্যে ড. নুরুন নবী, সিকদার আমিনুল হক ও বেগম নাজমুন নেসা পিয়ারি এবং চিকিৎসায় অধ্যাপক ডা. সায়েবা আখতার। আর ‘গবেষণা’য় একুশে পদক পেয়েছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট।
ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে সরকার প্রতি বছরের মতো এবার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেয়া হয়েছে।
পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, পুরস্কারের অর্থ এবং একটি সম্মাননাপত্র দেয়া হয়েছে।