২২ ডিসেম্বর ২০২৩
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতের আবুদাবিতে নেপালি সহকর্মীর ছুরিকাঘাতে এক বাংলাদেশি (৩৮) নিহত হয়েছেন। ঘটনার পরে দুবাই পুলিশ খুনিকে গ্রেপ্তার করেছে।নিহত কাউছার মিয়া হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শাইলগাছ গ্রামের রজব আলীর ছেলে। তিনি আবুধাবির একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের মামলায় নেপালি খুনিকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে দুবাইয়ের আবুধাবিতে এ খুনের ঘটনা ঘটে।
নিহত কাউছার মিয়ার সহকর্মীদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মীর মো. ছাহেব আলী বলেন, ওইদিন রাতে বাংলাদেশি এক যুবক কাউছারকে তার বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে তাদের নেপালী এক সহকর্মী কাউছারকে ছুরিকাঘাত করেন। স্থানীয় লোকজন কাউছারকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, কাউছার আট বছর আগে দুবাই গিয়েছিলেন। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। আগামী রোববার তার মরদেহ দেশে ফেরার কথা রয়েছে।